
এনসিএলে ম্যাচ চালাকালীন সময়ে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছেন বরিশাল বিভাগের ফিজিওথেরাপিস্ট হাসান আহমেদ। তার মৃত্যুতে শোকের ছাঁয়া নেমে এসেছে ক্রীড়াঙ্গনে। তার প্রতি শ্রদ্ধা জানাতে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে কালো আর্মব্যান্ড পরে খেলতে নেমেছে বাংলাদেশের ক্রিকেটাররা।
এ ছাড়াও ম্যাচ শুরুর আগে ১ মিনিট নীরবতাও পালন করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) এক বিবৃতিতে বিষয়টি আগেই জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
খুলনা বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে খুলনা ও বরিশাল ম্যাচের তৃতীয় দিন সকালে মাঠেই হার্ট অ্যাটাক করেন হাসান। পরে হাসপাতালে নেওয়া হলে ৪৭ বছর বয়সী এই ফিজিওকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, হাসান আহমেদের প্রতি শ্রদ্ধা জানিয়ে চট্টগ্রামে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ দল কালো আর্মব্যান্ড পরবে। ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে। আগামীকাল চলমান এনসিএলের চতুর্থ দিনের ম্যাচগুলোতেও হাসান আহমেদকে স্মরণ করা হবে।
প্রায় এক যুগের বেশি সময় জাতীয় লিগে বরিশালের ফিজিওর দায়িত্ব পালন করেছেন হাসান আহমেদ। এর বাইরেও ট্রমায় আক্রান্তদের জন্য গঠিত বাংলাদেশ রিহ্যাবিলিটেশন সেন্টারে প্রোগ্রাম ম্যানেজার হিসেবেও কর্মরত ছিলেন তিনি।
আরটিভি/এসআর




