
ঘরের মাঠে চলমান সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন (কাভা) কাপের রাউন্ড-রবিন লিগের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। এই ম্যাচের নিজেদের সেরাটা দিতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। যার ফলে আফগানদের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ হয়েছে স্বাগতিকদের।
সোমবার (২৭ অক্টোবর) মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ‘অঘোষিত সেমিফাইনালে’ আফগানিস্তানের কাছে ৩-১ সেটে হেরেছে বাংলাদেশ।
এদিন প্রথম সেটে দুই দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। ২৫-২৩ পয়েন্টে আফগানিস্তানকে হারিয়ে এগিয়ে যায় বাংলাদেশ। তবে দ্বিতীয় সেটে খেই হারায় স্বাগতিকরা। ২৫-২০ পয়েন্টে হেরে ম্যাচে সমতা আসে আফগানিস্তানের কাছে।
তৃতীয় সেটেও উত্তেজনা ছড়িয়ে থাকে, কিন্তু শেষ মুহূর্তে ২৫-২৩ পয়েন্টে জয় তুলে নেয় আফগানিস্তান। চতুর্থ সেটেও ১৯-২৫ পয়েন্টে হেরে যায় বাংলাদেশ। এতে ফাইনালের টিকিট নিশ্চিত হয় আফগানিস্তানের।
আগামীকাল ফাইনালে আফগানিস্তান মুখোমুখি হবে তুর্কমেনিস্তানের। অন্যদিকে, তৃতীয় স্থান নির্ধারণই লড়াইয়ে স্বাগতিক বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে।
আরটিভি/এসআর




