
আগামী বছর পর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। এই আসরে লিওনেল মেসি খেলবে কিনা তা এখনও নিশ্চিত নয়। তবে বিশ্বকাপের অংশ নেওয়া নিয়ে বেশ কিছু দিক তুলে ধরেছেন এই আর্জেন্টাইন কিংবদন্তি।
এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, যদি বিশ্বকাপে খেলতে পারি অসাধারণ একটি ব্যাপার হবে এবং আমিও সেটাই চাই। পুরো ফিট অবস্থায় এবং গুরুত্বপূর্ণ অংশ হয়ে দলকে সহায়তা করতে আমি সেখানে থাকতে পছন্দ করব।
তিনি আরও বলেন, বিষয়টি আমি মূল্যায়ন করছি ডে-টু-ডে ভিত্তিতে। যখন আগামী বছরের (ইন্টার মায়ামির) প্রি-সিজন শুরু হবে, তখন দেখব আমি শতভাগ ফিট কি না। যদি সেরকম মনে হয়, তাহলে আমি সিদ্ধান্ত নেব।
দীর্ঘ তিন যুগের শিরোপাখরা কাটিয়ে ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করেছিলেন লিওনেল মেসি। এ নিয়ে তিনি বলেন, (বিশ্বকাপ জেতা) এটি আমার জীবনের স্বপ্ন ছিল। সত্যিকার অর্থে আমার পেশাদার ক্যারিয়ারে কেবল এই একটি ট্রফিই পাওয়ার বাকি ছিল। ব্যক্তিগতভাবে প্রায় সব জেতায় নিজেকে ভাগ্যবান মনে করি।
আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে ১৯৫ ম্যাচ খেলেছেন মেসি, যেখানে করেছেন রেকর্ড ১১৪ গোল। বর্তমানে ৩৮ বছর বয়সী এই তারকা যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামির হয়ে খেলছেন।
ইউরোপ ছেড়ে নতুন চ্যালেঞ্জ নিতে ২০২৩ সালে যোগ দেন ডেভিড বেকহ্যামের ক্লাবটিতে। দুই মৌসুমের সফলতা শেষে সম্প্রতি আরও তিন বছরের জন্য মায়ামির সঙ্গে চুক্তি নবায়ন করেছেন তিনি।
আরটিভি/এসআর




