
সদ্য শেষ হওয়া এল ক্লাসিকোতে বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে মাঠের ভিতর ও বাইরে আলোচনা তৈরি করেছে ভিনিসিয়ুস জুনিয়র। গোল না পেলেও বার্সেলোনার রক্ষণভাগের কঠিন পরীক্ষা নিয়েছেন তিনি। কিন্তু ৭২ মিনিটে ভিনিসিয়ুসকে মাঠ থেকে তুলে নেন কোচ জাবি আলোনসো। যা সহজভাবে মানতে পারেননি এই ব্রাজিলিয়ান ফুটবলার।
মাঠ ছাড়ার সময় আলোনসোর দিকে চিৎকার করে বলেন, সব সময় আমাকেই কেন! আমি যাচ্ছি, দল ছেড়ে যাচ্ছি। এরপরই স্প্যানিশ দৈনিক এএস—এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, রিয়াল মাদ্রিদ ছাড়ার বিষয়ে ‘সিরিয়াসলি’ ভাবছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
প্রতিবেদন বলছে, আলোনসোর প্রতি ‘বিশ্বাসের অভাব’ থেকেই ভিনিসিয়ুস এখন রিয়াল ছাড়ার কথা ভাবছেন। ২০১৮ সালে ফ্ল্যামেঙ্গো থেকে যোগ দেওয়ার পর রিয়ালের হয়ে ৩৩৬ ম্যাচে ১১১ গোল করেছেন তিনি। ঘরে তুলেছেন ১৪টি শিরোপা—এর মধ্যে আছে তিনটি লা লিগা আর দুটি চ্যাম্পিয়নস লিগ ট্রফি।
তবে বদলি হওয়ায় তার ক্ষোভ ক্লাব কর্তৃপক্ষ ভালোভাবে নেয়নি বলেই জানা গেছে। তারা পুরোপুরি আলোনসোর সিদ্ধান্তের পক্ষেই আছে। খেলোয়াড়ি জীবনে রিয়ালের হয়ে ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত পাঁচটি বড় শিরোপা জেতা এই স্প্যানিশ কোচ গত গ্রীষ্মে কার্লো আনচেলত্তির স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব নিয়েছেন।
আলোনসো ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ভিনিসিয়ুসকে নিয়ে বলেন, ভিনিসিয়ুসের পারফরম্যান্সে আমি খুশি। ও যখন ভালো খেলছিল, তখনই হয়তো ওকে নামিয়ে নিয়েছি, কিন্তু দলকে সতেজ রাখতে এটা প্রয়োজন ছিল। সে থাকতে চেয়েছিল, তবে এটা সবার ক্ষেত্রেই হয়।

তবে পুরোপুরি রিয়াল ছাড়তে চান না ভিনিসিয়ুস। প্রতিবেদনে বলা হয়েছে, আলোনসো যদি তাকে কিলিয়ান এমবাপের মতো সমান আস্থায় রাখেন, তবে ভিনিসিয়ুস থাকতে রাজি। এখন পর্যন্ত মৌসুমে রিয়ালের হয়ে শুরুর একাদশে সুযোগ পেলেও পুরো ম্যাচ খেলেছেন মাত্র তিনটিতে।
রাগে টানেল দিয়ে ভেতরে চলে যান যদিও কয়েক মিনিট পর আবার মাঠে ফিরে আসেন ভিনিসিয়ুস। ম্যাচ শেষে বার্সেলোনার তরুণ উইঙ্গার লামিনে ইয়ামালের সঙ্গে তার তর্কও হয়, যা মাঠের উত্তেজনাকে আরও বাড়িয়ে তোলে।
ম্যাচের পর নিজের প্রতিক্রিয়া ব্যাখ্যা করে ভিনিসিয়ুস বলেন, মাদ্রিদ সমর্থকদের জানাতে চাই, ক্লাসিকো এমনই—মাঠে ও মাঠের বাইরে অনেক কিছু ঘটে। আমরা সব সময় ভারসাম্য রাখার চেষ্টা করি, কিন্তু সব সময় তা সম্ভব হয় না। কারও প্রতি কোনো অসম্মান দেখানোর উদ্দেশ্য ছিল না। আমরা সবাই আমাদের দায়িত্ব পালন করেছি।
আরটিভি/এসআর




