ইন্টার মিলানের স্প্যানিশ গোলরক্ষক জোসেফ মার্টিনেজের গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন হুইলচেয়ারে থাকা ৮১ বছর বয়সী এক ব্যক্তি। ইতালির কোমো প্রদেশে ঘটে গেছে এই মর্মান্তিক দুর্ঘটনা।
রয়টার্সের খবরে বলা হয়, সড়কে নামার পর দুর্ঘটনা এড়াতে হুইলচেয়ারের দিক পরিবর্তনের চেষ্টা করছিলেন ওই বৃদ্ধ। কিন্তু ততক্ষণে মার্টিনেজের গাড়ির সঙ্গে ধাক্কা লাগে এবং ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
দুর্ঘটনার পর গোলরক্ষক মার্টিনেজ গাড়ি থামিয়ে আহত ব্যক্তিকে সহায়তার চেষ্টা করেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মিলে দ্রুত অ্যাম্বুলেন্স ডাকা হলেও চিকিৎসকরা পৌঁছানোর আগেই বৃদ্ধের মৃত্যু হয়।
ইতালিয়ান পুলিশের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, কোমো প্রদেশের একটি সাইকেল লেনে ইলেকট্রিক হুইলচেয়ারে থাকা ব্যক্তি দুর্ঘটনার শিকার হন। ইন্টার মিলানের গোলরক্ষক জোসেফ মার্টিনেজ নিজেই গাড়ি থামিয়ে তাকে উদ্ধার করতে যান, তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
সংবাদ সংস্থা এপি জানায়, দুর্ঘটনাটি ঘটে অ্যাপিয়ানো জেন্টাইলে, ইন্টার মিলানের অনুশীলন সেন্টারের পাশে। এ সময় এক মোটরসাইকেল আরোহীও থেমে সাহায্যের চেষ্টা করেন। ঘটনাস্থলে দ্রুত এয়ার অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবা পৌঁছালেও বৃদ্ধকে আর জীবিত করা যায়নি।
দুর্ঘটনায় মার্টিনেজ শারীরিকভাবে অক্ষত থাকলেও মানসিকভাবে বিপর্যস্ত বলে জানিয়েছে ইতালিয়ান গণমাধ্যম। নিহতের প্রতি সম্মান জানিয়ে ইন্টার মিলান তাদের নির্ধারিত সংবাদ সম্মেলন স্থগিত করেছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সিরি আ লিগে ফিওরেন্টিনার বিপক্ষে ম্যাচ রয়েছে ইন্টারের। দুর্ঘটনার ঘটনায় ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য এখনো আসেনি।
২৭ বছর বয়সী জোসেফ মার্টিনেজ ২০২৪ সালে জেনোয়া থেকে ইন্টার মিলানে যোগ দেন। এ পর্যন্ত ক্লাবটির হয়ে ১২ ম্যাচে মাঠে নেমেছেন তিনি। এর আগে তিনি খেলেছেন লাস পালমাস ও আরবি লাইপজিগের হয়ে।
আরটিভি/এসকে
