এল ক্লাসিকোর পর মাঠের বাইরের নাটকেই যেন আলোচনার কেন্দ্রবিন্দুতে ভিনিসিয়ুস জুনিয়র। বার্সেলোনার বিপক্ষে বদলি হিসেবে তুলে নেওয়ায় রিয়াল মাদ্রিদ ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। কিন্তু সেই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই তিনি মিটিয়ে ফেললেন আরেক ব্যক্তিগত সংকট প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে প্রায় ভাঙতে বসা সম্পর্কটা জোড়া লাগিয়েছেন ভিনি।
চলতি মাসের শুরুতে ব্রাজিলিয়ান মডেল ডে মাগালায়েস ভিনিসিয়ুসের সঙ্গে গোপন বার্তা চালাচালির স্ক্রিনশট ফাঁস করেন। গ্লোবোর প্রতিবেদনে বলা হয়, ভার্জিনিয়ার সঙ্গে ভিনির একটি নাচের ভিডিও প্রকাশের পরেই ক্ষুব্ধ হয়ে ওই মডেল স্ক্রিনশটগুলো প্রকাশ করেন। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা।
ডে মাগালায়েস জানান, তিনি ভিনির সঙ্গে সম্পর্ক নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি। অন্যদিকে, ইনফ্লুয়েন্সার ভার্জিনিয়া ফনসেকাও এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন, তাদের মধ্যে সম্পর্ক নেই এবং শিগগিরই কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসার সম্ভাবনাও নেই।
তবে অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে ভিনিসিয়ুস নিজের ইনস্টাগ্রামে প্রেমিকা ভার্জিনিয়ার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবিগুলোর ক্যাপশনে লেখেন কেবল দুজনের নামের আদ্যক্ষর ‘V 💕 V’।
ছবিগুলো প্রকাশের পর শুভেচ্ছা ও মজার মন্তব্যে ভেসে যান ভিনি।
.নেইমার লেখেন,বাচ্চা ছেলেটাও প্রেমে পড়েছে।
.রদ্রিগো মন্তব্য করেন,বিগ সেভেন এখন ভালোবাসায় ডুবে।
.লুকাস পাকেতা বলেন,আমাদের যৌথ জীবনের দলে স্বাগতম! সৃষ্টিকর্তা আশীর্বাদ করুন।
.ফরাসি তারকা কামাভিঙ্গা মজার ছলে খোঁচা দেন,তুমিও তাহলে প্রেম করো!
এর আগে, এল ক্লাসিকোয় বার্সেলোনার বিপক্ষে ২–১ গোলের জয়ের ম্যাচে ৭২ মিনিটে কোচ জাবি আলোনসো ভিনিসিয়ুসকে তুলে নেন। সে সময় ক্ষুব্ধ ভিনি মাঠ ছাড়ার সময় চিৎকার করে বলেন, সব সময় আমাকেই কেন! এরপর শোনা যায়, আমি যাচ্ছি, দল ছেড়ে যাচ্ছি।
স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, আলোনসোর প্রতি ‘বিশ্বাসের ঘাটতি’ থেকেই রিয়াল ছাড়ার চিন্তা করছেন ভিনি। তবে যদি কোচ তাকে কিলিয়ান এমবাপের সমান আস্থায় রাখেন, তাহলে রিয়ালেই থাকতে রাজি ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।
ব্যক্তিগত জীবনে ভালোবাসা ফিরে পাওয়ায় এখন দেখার বিষয় মাঠেও কি নতুন উদ্যমে ফিরতে পারেন ‘ভালোবাসায় ভাসা’ ভিনিসিয়ুস জুনিয়র!
আরটিভি/এসকে




