সম্প্রতি আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ভারতের ম্যাচ দেখতে মাঠে হাজির হয়েছিলেন বলিউডের সুপারস্টার আয়ুষ্মান খুরানা। ইউনিসেফ ভারতের শুভেচ্ছাদূত হিসেবে তিনি এই ম্যাচে উপস্থিত ছিলেন, আর এই সুযোগে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্য মারুফা আক্তারের সঙ্গে তার সাক্ষাৎ ঘটে।
বুধবার আয়ুষ্মান খুরানার সঙ্গে তোলা একটি ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন মারুফা আক্তার। এই পোস্ট মুহূর্তেই দর্শকদের আগ্রহ আকর্ষণ করে, মাত্র দুই ঘণ্টার মধ্যে ছবিটি পেয়েছে ১৪ হাজারেরও বেশি রিঅ্যাক্ট। ছবির মন্তব্যের ঘরে ভক্তরা উচ্ছ্বসিত হয়ে মারুফা ও আয়ুষ্মানকে শুভেচ্ছা জানাচ্ছেন। একজন মন্তব্য করেছেন, প্রিয় গায়ক ও অভিনেতা। আরেকজন লিখেছেন, মারুফা, বাংলাদেশের প্রতিচ্ছবি।
এদিন আয়ুষ্মান খুরানা মাঠে আসার উদ্দেশ্য ছিল ইউনিসেফের শিশুদের অধিকারের প্রতি সমর্থন ক্যাম্পেইনকে আরও শক্তিশালী করা। ২০২৩ সাল থেকে ইউনিসেফ ভারতের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন আয়ুষ্মান। শিশু অধিকার নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য আয়ুষ্মান এই বিশ্বকাপের মাধ্যমে নিজের ভূমিকা পালন করছেন। ম্যাচ শুরুর আগে আয়ুষ্মান ট্রফি নিয়ে ফটোসেশনে অংশ নেন এবং ইউনিসেফ ও আইসিসির অংশীদারিত্বের মাধ্যমে শিশুদের নিরাপদ বেড়ে ওঠা, শিক্ষা এবং ক্ষমতায়নের জন্য দর্শক ও খেলোয়াড়দের সহযোগিতা আহ্বান করেন।
এ প্রসঙ্গে আয়ুষ্মান বলেন, ইউনিসেফ ভারতের শুভেচ্ছাদূত হিসেবে শিশুদের অধিকারের জন্য ইউনিসেফ-আইসিসি অংশীদারিত্বকে সমর্থন জানাতে পেরে আমি গর্বিত। ক্রিকেটের শক্তি ব্যবহারের মাধ্যমে শিশুদের অধিকার ও কল্যাণের পক্ষে আওয়াজ তোলা গুরুত্বপূর্ণ।
এদিকে, সম্প্রতি আয়ুষ্মান খুরানার নতুন ছবি ‘থাম্মা’ মুক্তি পেয়েছে। ম্যাডক ফিল্মসের হরর-কমেডি ইউনিভার্সের অংশ হিসেবে এই সিনেমাটি পরিচালনা করেছেন আদিত্য সরপোতদার। ভূত-কমেডির মিশেলে রোমান্সের চমৎকার সংমিশ্রণ নিয়ে ছবিটি মুক্তির পর দর্শকপ্রিয়তা অর্জন করেছে এবং ব্যবসাও ভালো করছে।
আরটিভি/কেআই




