
গত মৌসুমে দুর্দান্ত ছন্দে ছিল বার্সেলোনা। ট্রেবল জয়ের পথে থাকলেও চ্যাম্পিয়নস লিগে হোঁচট খায় স্প্যানিশ জায়ান্টরা। কিন্তু চলতি মৌসুমের শুরুতেই চোটে কবলে পড়েছে বার্সা শিবির। সবশেষ চোটের তালিকায় নাম লিখিয়েছেন স্পেনের তরুণ ফুটবলার পেদ্রি।
সদ্য শেষ হওয়া এল ক্লাসিকোতে মাঠে লড়াইয়ের পর ক্লান্ত দেখা গিয়েছিল পেদ্রিকে, কিন্তু পরীক্ষার ফলাফল জানার পর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে।
বার্সেলোনা জানিয়েছে, তার বাঁ-পায়ের বাইসেপস ফেমোরিস পেশিতে গুরুতর চিড় ধরা ধরা পড়েছে—যার কারণে অন্তত ছয় সপ্তাহ, অর্থাৎ দেড় মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে স্প্যানিশ মিডফিল্ডারকে।
এতে শুধু এলচের বিপক্ষে নিষেধাজ্ঞাজনিত অনুপস্থিতিই নয়, পেদ্রি এখন মিস করবেন আরও অন্তত আটটি ম্যাচ—এর মধ্যে আছে ক্লাব ব্রুজ, সেল্টা ভিগো, অ্যাথলেটিক বিলবাও, চেলসি, আলাভেস, অ্যাটলেটিকো মাদ্রিদ এবং রিয়াল বেটিসের বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইগুলো।
একই সঙ্গে স্পেন জাতীয় দলের হয়ে জর্জিয়া ও তুরস্কের বিপক্ষে নভেম্বরের আন্তর্জাতিক ম্যাচগুলোতেও তাকে পাওয়া যাবে না। ফলে তাকে না পাওয়ায় বিপাকে পড়তে যাচ্ছে কাতালানরা।
পেদ্রি এ মৌসুমে এখন পর্যন্ত বার্সার একমাত্র খেলোয়াড়, যিনি ১,০০০ মিনিটের বেশি খেলেছেন—সব ১৩টি অফিসিয়াল ম্যাচেই ছিলেন শুরুর একাদশে। বিশ্রামের সুযোগ পাননি প্রায়, আর সেই অতিরিক্ত চাপই যেন শেষ পর্যন্ত টেনে ধরেছে তাকে।
ফ্লিকের জন্য এটি শুধু কৌশলগত সমস্যা নয়, বরং মনস্তাত্ত্বিকও। তার হাতে এখন বিকল্প হিসেবে রয়েছেন ফ্রেংকি দে ইয়ং (যিনি এখনও পুরোপুরি ফিট নন), তরুণ মার্ক কাসাদো এবং আকারে বিশাল প্রত্যাশার ভারে ক্লান্ত দানি ওলমো—যিনি নিজেও সেরে ওঠার শেষ পর্যায়ে।
আরটিভি/এসআর




