
আইপিএলের পরবর্তী মৌসুমের আগে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। ফ্র্যাঞ্চাইজিটির নতুন প্রধান কোচ হিসেবে ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিংয়ের নাম উঠে এসেছে আলোচনায়। সঞ্জীব গোয়েঙ্কার মালিকানাধীন দলটি গত দুই মৌসুমে প্রত্যাশা পূরণ করতে না পারায় কোচিং প্যানেলে পরিবর্তনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে।
ইনসাইড স্পোর্টসের তথ্য অনুযায়ী, লক্ষ্ণৌ খুব শিগগিরই বর্তমান অস্ট্রেলিয়ান কোচ জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারে। তার বিকল্প হিসেবে সরাসরি যুবরাজ সিংয়ের সঙ্গে যোগাযোগ করেছেন ফ্র্যাঞ্চাইজির মালিক গোয়েঙ্কা।
এরই মধ্যে দলটি মেন্টর জহির খানের সঙ্গে চুক্তি নবায়ন না করে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনকে স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর হিসেবে নিয়েছে। নতুন এই নিয়োগকে দলটির ভবিষ্যৎ পরিকল্পনার বড় ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
যদি চুক্তি চূড়ান্ত হয়, তবে এটি হবে যুবরাজ সিংয়ের প্রথম পূর্ণকালীন কোচিং দায়িত্ব। খেলোয়াড়ি জীবনে আইপিএলে দীর্ঘ ক্যারিয়ার থাকলেও এখনো পর্যন্ত কোনো ফ্র্যাঞ্চাইজির কোচ হিসেবে কাজ করেননি তিনি। কেবল আবুধাবি টি-টেন লিগে মেন্টর হিসেবে অভিজ্ঞতা রয়েছে তার।
যুবরাজের অধীনে শুভমান গিল, অভিষেক শর্মার মতো তরুণ ক্রিকেটাররা অনুশীলন করেছেন, যাদের পারফরম্যান্স বর্তমানে ভারতের জাতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ। তিনি বর্তমানে পাঞ্জাব কিংসের ব্যাটার প্রভসিমরান সিংয়ের সঙ্গেও কাজ করছেন।
ফ্র্যাঞ্চাইজির ধারণা, যুবরাজ সিংয়ের অভিজ্ঞতা, আত্মবিশ্বাস ও জয়ের মানসিকতা দলের পারফরম্যান্সে নতুন উদ্দীপনা আনবে। বিশেষ করে তরুণদের নিয়ে একটি শক্তিশালী দল গঠনে তার ভূমিকা হতে পারে গুরুত্বপূর্ণ।
তবে এর আগে গুজরাট টাইটান্সে আশিস নেহরার জায়গায় এবং দিল্লি ক্যাপিটালসে রিকি পন্টিংয়ের বিকল্প হিসেবে যুবরাজ সিংয়ের নাম শোনা গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই খবরগুলো গুজব হিসেবেই প্রমাণিত হয়।
উল্লেখ্য, আইপিএলে যুবরাজ সিং মোট ৬টি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন পাঞ্জাব কিংস, পুণে ওয়ারিয়র্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলে তিনি ১৩২ ম্যাচে ২,৭৫০ রান করার পাশাপাশি নিয়েছেন ৩৬টি উইকেট।
আরটিভি/এসকে




