
দাবায় কিংবদন্তি রানী হামিদ। জাতীয় দাবায়ই ২০ বার চ্যাম্পিয়ন হয়েছেন কিংবদন্তি রানী হামিদ। বর্তমানে তরুণ দাবাড়ুদের অনুপ্রেরণা তিনি। তবে তার একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন নোশিন আঞ্জুম।
এবারের জাতীয় দাবায় হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছেন নোশিন। জাতীয় দাবার ৪৬ বছরের ইতিহাসে রানীর পর নোশিনই প্রথম যিনি টানা তিন আসরে চ্যাম্পিয়ন হলেন।
নোশিন বলেন, ‘দেশের প্রথম মহিলা গ্র্যান্ড মাস্টার হতে চাই।’ যদিও এখনো মহিলা ফিদে মাস্টার তিনি। আছে দুটি আন্তর্জাতিক মাস্টারের নর্ম।
২০২২ সালে হয়েছিলেন প্রথমবার। পরের বছর টুর্নামেন্ট হয়নি। গত বছর জিতেছেন দ্বিতীয় শিরোপা। আর গতকাল টানা তৃতীয়বারের মতো সেই মুকুট পরেছেন তিনি। শেষ রাউন্ডে এদিন ওয়ারসিয়া খুশবুর সঙ্গে ড্র হলেই চলত তার। ড্র করেই সাড়ে ৮ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করেছেন ২১ বছর বয়সী এই দাবাড়ু।
সমান ৭ পয়েন্ট ওয়াদিফা আহমেদ, নুসরাত জাহান ও ওয়ালিজা আহমেদের। ২০১৬ সালে জাতীয় দাবায় খেলা শুরু করে ২০২২-এ প্রথম শিরোপা জয়ের পর আর পেছন ফিরে তাকাননি নোশিন।
১৯৭৯ সাল থেকে জাতীয় দাবার প্রথম ছয়টি আসরেই শিরোপা জিতে নিয়েছিলেন রানী, অর্থাৎ ডাবল হ্যাটট্রিক করেছিলেন। এরপর ২০০৬ থেকে ২০০৮ পর্যন্ত আবার জেতেন টানা তিন শিরোপা। ইয়াসমিন বেগম, শাবানা পারভীন ও শামিমা আক্তার টানা দুইবার চ্যাম্পিয়ন হয়েছেন।
আরটিভি/এসআর




