
ভারতের নারী ক্রিকেট দল প্রথমবারের মতো বিশ্বকাপ জিতে দেশজুড়ে আনন্দ ও উচ্ছ্বাসের ঢেউ বইছে। এই উৎসবমুখর মুহূর্তে সামনে এসেছে আরও একটি সুখবর। দলের সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা তার বহুদিনের প্রেমিক, গায়ক ও সংগীত পরিচালক পলাশ মুচ্ছলকে বিয়ে করতে চলেছেন।
ভারতের টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই বিয়ে অনুষ্ঠিত হবে ২০ নভেম্বর ২০২৫, মহারাষ্ট্রের সাংলিতে। স্মৃতি মান্ধানার কাছে সাংলি বিশেষ আবেগের জায়গা, কারণ এখানেই তার শৈশব কেটেছে এবং এখান থেকেই তার ক্রিকেট ক্যারিয়ার শুরু হয়েছে। যদিও স্মৃতির জন্ম মুম্বাইয়ে, তার শৈশব, স্কুল জীবন এবং ক্রিকেটের প্রাথমিক দিনগুলো কেটেছে সাংলির মাধবনগরে। তাই বিয়ের অনুষ্ঠানও হবে এক ঘনিষ্ঠ পরিবেশে, যেখানে পরিবারের সদস্যরা ‘সঙ্গীত ও ক্রিকেটের এক নিখুঁত মেলবন্ধন’ আয়োজন করছেন।
২০২৪ সালে ইনস্টাগ্রামে স্মৃতি ও পলাশের সম্পর্ক প্রকাশ পেয়েছিল। বিশ্বকাপ জয়কে উদযাপন করে পলাশ সোশ্যাল মিডিয়ায় স্মৃতির হাতে বিশ্বকাপের ছবি শেয়ার করে লিখেছিলেন, সবচেয়ে এগিয়ে আমরা ভারতবাসী।” সেই পোস্টে নেটিজেনরা তাকে ‘লাকি গাই’ বলে শুভকামনা জানিয়েছে।
পলাশ মুচ্ছল বিয়ের বিষয়টি নিশ্চিত করে এক অনুষ্ঠানে বলেন, শিগগিরই সে ইন্দোরের বউ হয়ে আসবে... ব্যস, এতটাই বলতে চাই। পরে হেসে যোগ করেন, আমি আপনাদের হেডলাইন দিয়ে দিলাম।
পলাশ মুচ্ছল একজন ভারতীয় সংগীত পরিচালক, গায়ক ও গীতিকার। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘তু যা কহে’, ‘পার্টি তো বন্তি হ্যায়’, ‘তেরা হিরো ইধার হ্যায়’। এছাড়া ‘খুশ নুমা’, ‘ও খুদা’, ‘মুসাফির’ জাতীয় স্বাধীন সংগীতও শ্রোতাদের ভালোবাসা পেয়ে এসেছে।
স্মৃতি মান্ধানার এই বিয়ে এবং ভারতের নারী ক্রিকেট দলের ঐতিহাসিক বিশ্বকাপ জয় দুই সুখবর একসাথে দেশবাসীর মনে আরও উচ্ছ্বাস এবং আশা জাগিয়েছে।
আরটিভি/এসকে




