
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দেশের ক্রিকেট উন্নয়নের লক্ষ্যে নতুন একটি উদ্যোগের ঘোষণা দিয়েছেন। আগামী ৯ ও ১০ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স’, যেখানে দেশের বিভিন্ন প্রান্তের ক্রিকেট সংশ্লিষ্টরা একত্রিত হবেন।
বিসিবির সভাপতি বুলবুল বলেন, এই কনফারেন্সের মূল উদ্দেশ্য হলো দেশের ক্রিকেট সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারকে এক ছাদের নিচে এনে বাংলাদেশ ক্রিকেটের ভিশন ও মিশন নিয়ে আলোচনা করা এবং দেশের ক্রিকেটকে আরও সমৃদ্ধশালী করা।
তিনি উল্লেখ করেন, দেশের ৬৪ জেলায় এবং আটটি বিভাগে ক্রিকেট ছড়িয়ে আছে। তাই জেলার প্রেসিডেন্ট, ক্রীড়া অফিসার, কোচ, নারী উদ্যোক্তা সহ সব স্টেকহোল্ডারকে একত্রিত করে বোঝার চেষ্টা করা হবে কীভাবে বিসিবি তাদের সহায়তা করতে পারে এবং কিভাবে সবাই মিলে বাংলাদেশের ক্রিকেটকে আরও এগিয়ে নেওয়া যায়।
আমিনুল ইসলাম বুলবুলের ‘ট্রিপল সেঞ্চুরি’ নামের কার্যক্রমের অংশ হিসেবে বিসিবি ইতোমধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে অফিস চালু করার উদ্যোগ নিয়েছে। এই কনফারেন্স সেই ধারাবাহিকতায় দেশের ক্রিকেটের বিকাশে নতুন দিগন্ত উন্মোচনের আশা জাগাচ্ছে।
বুলবুল বলেন, দিনশেষে আমরা সবাই বাংলাদেশে ক্রিকেট খেলব, ক্রিকেট নিয়ে আনন্দ করব। আশা করব এই কনফারেন্স সফল হবে এবং এখান থেকে বাংলাদেশের ক্রিকেটের নতুন যাত্রা শুরু হবে।
বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সকে কেন্দ্র করে আগামী দুই দিন দেশের ক্রিকেটের উন্নয়নের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা ও পরিকল্পনা গ্রহণ করা হবে।
আরটিভি/এসকে




