
কানাডিয়ান প্রিমিয়ার লিগে দুর্দান্ত ফর্মে আছেন বাংলাদেশি মিডফিল্ডার সমিত শোম। তার অসাধারণ পারফরম্যান্সে প্লে-অফ সেমিফাইনালে জয় পেয়েছে তার দল ক্যাভালরি এফসি, উঠেছে ফাইনালে।
সোমবার (৩ নভেম্বর) প্রতিপক্ষের মাঠে অনুষ্ঠিত সেমিফাইনালে টোবায়াস ওয়ারশেভস্কির একমাত্র গোলে ফর্জ এফসিকে ১–০ ব্যবধানে পরাজিত করে ফাইনালের টিকিট নিশ্চিত করে ক্যাভালরি এফসি।
পুরো ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত দারুণ খেলেছেন সমিত শোম। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেও আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। প্রতিপক্ষের অর্ধে দেওয়া তার ১২টি পাসের মধ্যে ১১টিই সফল হয়। দিয়েছেন দুটি ‘কি পাস’, আর প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নিয়েছেন চারবার।
এমন পারফরম্যান্সের সুবাদে পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট সোফাস্কোর সমিতকে দিয়েছে ৭.৫ রেটিং, যা ম্যাচে চতুর্থ সর্বোচ্চ।
তবে তার এই দারুণ ফর্মের মাঝেও একটুখানি চিন্তা বাংলাদেশের ফুটবল ভক্তদের জন্য। কারণ, সমিতের পরবর্তী ম্যাচ ১০ নভেম্বর অটোয়ার বিপক্ষে। ফলে অন্তত ১১ নভেম্বর পর্যন্ত তাকে জাতীয় দলে পাওয়া যাবে না।
তবে স্বস্তির খবর হলো ভারতের বিপক্ষে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১৮ নভেম্বর, তাই ফাইনাল শেষে জাতীয় দলে যোগ দিতে সমিতের হাতে থাকবে যথেষ্ট সময়।
আরটিভি/এসকে




