
আর মাত্র দুই দিন পরই শুরু হচ্ছে নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আসন্ন এই সফরকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড।
কাঁধের চোট কাটিয়ে দলে ফিরেছেন ডানহাতি পেসার ম্যাথু ফোর্ড। জুলাইয়ের পর এটিই তার প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ। অন্যদিকে, ইনজুরিতে পড়া রামন সিমন্স ও জেডিয়াহ ব্লেডস ছিটকে যাওয়ায় তাদের জায়গায় সুযোগ পেয়েছেন অলরাউন্ডার শামার স্প্রিংগার।
স্পিন বিভাগে থাকছেন না গুদাকেশ মতি। তার বোলিং অ্যাকশন উন্নত করার জন্য ডিসেম্বরের এসএ২০ লিগের আগে বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করার সময় দেয়া হয়েছে তাকে।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশকে তাদেরই মাটিতে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করে আত্মবিশ্বাসে ভরপুর ওয়েস্ট ইন্ডিজ এবার চ্যালেঞ্জ নিতে যাচ্ছে শক্তিশালী নিউজিল্যান্ডের বিপক্ষে।
পেস আক্রমণে থাকছেন ফোর্ড ও জেইডেন সিলস। তাদের সঙ্গে রয়েছেন অলরাউন্ডার জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড ও স্প্রিংগার। কাঁধের ইনজুরির কারণে দলে নেই শামার জোসেফ।
ওয়েস্ট ইন্ডিজের দল
শাই হোপ (অধিনায়ক), আলিক আথানাজে, আকিম অগাস্ট, রোস্টন চেজ, ম্যাথু ফোর্ড, জেসন হোল্ডার, আকিল হোসেন, আমির জাঙ্গু, ব্রেন্ডন কিং, খারি পিয়েরে, রোভম্যান পাওয়েল, শেরফেন রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড ও শামার স্প্রিংগার।
আরটিভি/এসকে




