
ইসরায়েলের দখলদার বাহিনীর হামলায় বিধ্বস্ত পুরো ফিলিস্তিন। এই যুদ্ধে প্রাণ হারিয়েছেন দেশটির ক্রীড়াবিদরাও। ফলে যুদ্ধের মধ্যে খেলাধুলার অনুশীলনের সুযোগ নেই বললেই চলে। তবে ফিলিস্তিনের আর্চারদের আন্তর্জাতিক প্রতিযোগিতার বড় মঞ্চে খেলার সুযোগ করে দিচ্ছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন।
ফিলিস্তিনের আর্চার আহমেদ রাশা, আলী আলাহামাদ খালেদ, সামি আওয়াদরা দেশের মাটিতে অনুশীলন করতে পারেন না দীর্ঘদিন। ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক আগ্রাসন ও গণহত্যায় শুধু রাশা, খালেদরাই নন, অনেকেই যাযাবরের মতো বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছেন।
ঢাকায় ৮-১৪ নভেম্বর অনুষ্ঠতব্য এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে তাদের বিশেষ সুবিধা দেবে বাংলাদেশ। শুধু ফিলিস্তিন নয়, তাদের প্রতিবেশি যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া, ইয়েমেন, লেবানন ও জর্ডানের আর্চারদেরও সেই সুযোগ দিচ্ছে বাংলাদেশের আর্চারির অভিভাবক সংস্থা।
এ নিয়ে মঙ্গলবার (৪ নভেম্বর) সংবাদ সম্মেলনে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের স্থানীয় অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল বলেছেন, আমাদের এখানে কিছু কিছু দেশ খেলতে আসছে যারা যুদ্ধ বিগ্রহে জড়িত আছে বা অ্যাফেক্টেড, যেমন- ফিলিস্তিন। তাদের অসহায়ত্বের কথা আমরা জানি।
তিনি বলেন, তাদেরকে আমরা বিশেষ ব্যবস্থায় নিয়ে আসতে চাইছি। এখন পর্যন্ত তাদের ভিসা অন অ্যারাইভেলে ব্যবস্থা করা হয়েছে, প্রনোদনা দেওয়া হচ্ছে। এ ছাড়া সিরিয়া, ইয়েমেন, জর্ডান ও লেবাননও আছে। তাদের জন্যও আমরা স্পেশাল অ্যারেজমেন্ট করেছি।
তিনি আরও বলেন, যে দেশটা ওদের হামলা করে যাচ্ছে ওই দেশের আশপাশেই আছে এরা। কিন্তু আমি আর নাম উচ্চারণ করতে চাইছি না। আক্রান্ত ওই দেশগুলো বিভিন্ন কারণে অনেক সময় আসতে পারে না। তাদের প্রণোদনা দিয়ে নিয়ে আসা হচ্ছে।
ঢাকার চ্যাম্পিয়নশিপে এবারের আসরে ৩০টি দেশের আর্চার অংশ নিবেন। রিকার্ভ ও কম্পাউন্ড মিলিয়ে মোট ১০টি ইভেন্টে হবে পদকের লড়াই। সব মিলিয়ে ২০৯ জন প্রতিযোগী এবারের আসরে অংশ নিতে যাচ্ছে।
আরটিভি/এসআর




