
চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে মাঠে নেমেছিল ম্যানচেস্টার সিটি। এই ম্যাচে দাপুটে ফুটবল খেলে জার্মান জায়ান্টদের রীতিমতো উড়িয়ে দিয়েছে সিটিজেনরা। সেই সঙ্গে পয়েন্ট টেবিলের সেরা চারে জায়গা করে নিয়েছে গার্দিওয়ালার শিষ্যরা।
বুধবার (৫ নভেম্বর) দিবাগত রাতে ইতিহাদ স্টেডিয়ামে বরুশিয়া ডর্টমুন্ডকে ৪-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এদিন জোড়া গোল করেছেন ফিল ফোডেন। এ ছাড়াও সাবেক দলের বিপক্ষে গোল উদযাপন করেন আর্লিং হলান্ড।
এদিন দারুণ সব গোছানো আক্রমণে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করে সিটি। প্রথম আধা ঘণ্টার মধ্যেই দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা।
২২তম মিনিটে ফোডেনকে আটকাতে পারেনি বরুশিয়া। টিয়ানি রেইনডার্সের পাস ধরে লক্ষ্যে চোখ রেখে কয়েক পা এগিয়ে নিচু কোনাকুনি শট নেন ইংলিশ মিডফিল্ডার, গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেয়।
পাঁচ মিনিট পর হলান্ডের পাস পেয়ে জোরাল শট নেন নিকো ও’রাইলি, দারুণ ক্ষিপ্রতায় এক হাতে বল ক্রসবারের ওপর দিয়ে বাইরে পাঠান গ্রেগর কোবেল। এরপরই ব্যবধান দ্বিগুণ করেন অসাধারণ ছন্দে থাকা হলান্ড। জেরেমি ডোকুর কাটব্যাক ডি-বক্সের মাঝামাঝি পেয়ে প্রথম ছোঁয়ায় জোরাল শটে গোলটি করেন নরওয়ের তারকা।
এবারের চ্যাম্পিয়ন্স লিগে চার ম্যাচেই জালের দেখা পেলেন হলান্ড। আসরে চার ম্যাচে তার গোল হলো পাঁচটি। সব প্রতিযোগিতা মিলিয়ে সিটির জার্সিতে চলতি মৌসুমে তার মোট গোল হলো ১৮টি।

৫৭তম মিনিটে তৃতীয় গোল হজম করে ডর্টমুন্ডের ঘুরে দাঁড়ানোর আশা একরকম শেষ হয়ে যায়। ডাচ মিডফিল্ডার রেইনডার্সের পাস পেয়ে ডি-বক্সের ঠিক বাইরে থেকে বাঁ পায়ের শটে নিজের দ্বিতীয় গোলটি করেন ফোডেন।
৭২তম মিনিটে অবশ্য একটি গোল শোধ করে নাটকীয়তার আভাস দেয় ডর্টমুন্ড। ডান দিক থেকে সতীর্থের পাসে বাঁ পায়ের ছোঁয়ায় কেবল বলের দিক পাল্টে দেন আন্টন, আর কাছের পোস্ট দিয়ে বল জালে জড়ায়।

বাকি সময়ে অবশ্য পয়েন্ট পাওয়ার মতো তেমন কিছু করতে পারেনি জার্মান দলটি। উল্টো যোগ করা সময়ের প্রথম মিনিটে জালে বল পাঠিয়ে ব্যবধান আবার তিন গোলে নেন ফরাসি মিডফিল্ডার শের্কি।
এই জয়ে চার রাউন্ড শেষে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠেছে সিটি। শতভাগ সাফল্যে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন মিউনিখ। পরের দুটি স্থানের দল আর্সেনাল ও ইন্টার মিলানের পয়েন্টও সমান ১২ করে। ৭ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে নেমে গেছে বরুশিয়া ডর্টমুন্ড।
আরটিভি/এসআর-টি




