
গত মাসে মালয়েশিয়ায় অনুষ্ঠিত সুলতান অব জোহর কাপে ভারত–পাকিস্তান হকি ম্যাচে খেলোয়াড়দের হাত মেলান নিয়ে ভারতে তুমুল বিতর্ক হয়েছিল। তবে পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত না মেলানোর কোনো নির্দেশনা খেলোয়াড়দের দেওয়া হয়নি এবং ভবিষ্যতেও নতুন কোনো নির্দেশিকা জারি করার পরিকল্পনা নেই বলে জানিয়েছে হকি ইন্ডিয়া।
সম্প্রতি এশিয়া কাপে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানায় হার্দিক-গিলরা। এমনটি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের হাত থেকে ট্রফি নিতেও আপত্তি জানায় তারা। সেই ট্রফি এখনও হাতে পায়নি তারা।
তবে বিসিসিআইয়ের এই পাকিস্তান বিরোধী মনোভাবকে বুড়ো আঙ্গুল দেখিয়েছে হকি ইন্ডিয়া। পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত না মেলাতে কোনো নির্দেশিকা জারি করার পরিকল্পনা নেই বলে জানিয়েছে তারা।
হকি ইন্ডিয়ার সচিব ভোলা নাথ সিং বলেছেন, আমরা ক্রিকেটের অনুসারী নই। ক্রিকেটাররা যা করেছেন, সেটা তাদের পছন্দ। হকি ইন্ডিয়া কখনও খেলোয়াড়দের করমর্দন বা হাই-ফাইভ এড়িয়ে চলার নির্দেশ দেয়নি। আমরা অলিম্পিক চার্টার ও এফআইএইচের (আন্তর্জাতিক হকি ফেডারেশন) নিয়ম মেনে চলি।
ভোলা নাথ আরও বলেন, পাকিস্তানের সঙ্গে ভবিষ্যতের ম্যাচে আমরা কোনো বাড়তি নির্দেশনা দেব না। আমরা খেলব, জেতার চেষ্টা করব।
উল্লেখ্য, সুলতান অব জোহর কাপে প্রথম রাউন্ডে ভারত–পাকিস্তান হকি ম্যাচ ৩–৩ সমতায় শেষ হয়। ছয় দলের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া, আর রানার্সআপ হয় ভারত।
আরটিভি/এসআর




