
ক্যারিয়ারের বেশির ভাগ সময় বার্সেলোনায় কাটিয়েছেন লিওনেল মেসি। কিন্তু ক্লাবের আর্থিক সমস্যার জন্য ২০২১ সালে পিএসজি পাড়ি জমাতে বাধ্য হন এই আর্জেন্টাইন ফুটবলার। তবে সেখানে নিজেকে খাপ খাইয়ে নিতে পারেননি বলে জানিয়েছেন তিনি।
বুধবার (৫ নভেম্বর) আমেরিকা বিজনেস ফোরামের এক অনুষ্ঠানে মেসির হাতে মায়ামি শহরের চাবি তুলে দেওয়া হয়। সেখানে প্যারিস যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে যাত্রা নিয়ে কথা বলেন মেসি।
মেসি বলেন, সত্যি বলতে, প্রথমবার প্যারিসে যাওয়া খুব কঠিন ছিল। সারাজীবন বার্সেলোনাতেই ছিলাম; পরিবার, সন্তান, সবকিছুই সেখানে। আমি তো ১৩ বছর বয়সে সেখানে গিয়েছিলাম। কল্পনা করুন, আমার পুরো জীবনটাই ওখানেই কেটেছে।
আর্জেন্টাইন ফরোয়ার্ড জানান, মায়ামিতে যাওয়ার সিদ্ধান্ত ছিল তার পরিবারের। তিনি বলেন, এটা আমার পরিবারের সিদ্ধান্ত। আমরা চিন্তা করছিলাম কোথায় গেলে আমাদের জন্য সহজ হবে। সর্বশেষে ইন্টার মায়ামিতে যাওয়ার সিদ্ধান্ত নেই।
মেসি আরও বলেন, আর মায়ামিতে পৌঁছানোর পর, সবকিছু অসাধারণ ছিল। এই শহরে প্রথমবার থাকা সত্যিই অবিশ্বাস্য। আর সবকিছুই মানুষের আচরণের কারণে আরও বিশেষ—প্রথম দিন থেকেই সবাই যেভাবে আচরণ করেছে, সেটা দারুণ ছিল। আজও তা একইরকম অভ্যর্থনার উদাহরণ।
আরটিভি/এসআর




