বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী ও জনপ্রিয় ক্রীড়া প্রতিষ্ঠান ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের স্থায়ী সদস্য হতে এখন থেকে লাগবে ১০ লাখ টাকা। শনিবার (৮ নভেম্বর) রাজধানীর ঢাকা ক্লাবে অনুষ্ঠিত মোহামেডানের বিশেষ সাধারণ সভায় (ইজিএম) এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি ও সাবেক সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আবদুল মুবীন (অব.)।
ইজিএমে গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে সদস্যপদ ফি, অনুদান ও মাসিক চাঁদা বৃদ্ধিসহ একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়। এতদিন মোহামেডানের স্থায়ী সদস্য হতে লাগত ৩ লাখ টাকা (গঠনতন্ত্রে উল্লেখ ছিল ১ লাখ টাকা)। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ টাকা। যার মধ্যে ৭ লাখ টাকা অনুদান এবং ৩ লাখ টাকা সার্ভিস চার্জ হিসেবে নির্ধারিত হয়েছে। এছাড়া ক্লাবের মাসিক চাঁদাও বাড়ানো হয়েছে আগে ছিল ৩০০ টাকা, এখন হবে ৫০০ টাকা।
স্থায়ী সদস্য ছাড়াও ডোনার (দাতা) সদস্য হওয়ার সুযোগ থাকছে। আগে এই সদস্যপদের জন্য দিতে হতো ৫ লাখ টাকা, এখন তা বাড়িয়ে ২৫ লাখ টাকা করা হয়েছে। গঠনতন্ত্রের ৯(বি) ধারায় এই সংশোধন আনা হয়েছে।
এছাড়া ক্লাব পরিচালনা পর্ষদে কারও টানা দুই মেয়াদের বেশি দায়িত্ব পালন নিষিদ্ধ ছিল। ৪০ নম্বর অনুচ্ছেদে থাকা এই ধারা আজকের সভায় বাতিল করা হয়েছে। ফলে এখন থেকে টানা কয়েক মেয়াদ একই পদে দায়িত্ব পালন করা যাবে।
মোহামেডান ক্লাবের পরিচালনা পর্ষদের মেয়াদ দুই বছর। সর্বশেষ নির্বাচন হয় ২০২১ সালে, যার মেয়াদ ইতোমধ্যেই শেষ হয়েছে। ক্লাবের স্থায়ী সদস্য ও বিশিষ্ট আইনজীবী রুহুল কুদ্দুস কাজল জানিয়েছেন, আদালত নির্দেশ দিয়েছে ক্লাবের নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন করতে। তবে আগামী বছর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন থাকায় মোহামেডান আদালতের নির্দেশ অনুযায়ী সময়মতো নির্বাচন করবে নাকি সময় চাইবে সেটাই এখন দেখার বিষয়।
বর্তমানে মোহামেডান দেশের তিন শীর্ষ খেলায় ফুটবল, ক্রিকেট ও হকি অংশ নিচ্ছে। তবে বিদেশি ফুটবলারের পারিশ্রমিক বকেয়া থাকায় ফিফা ক্লাবটির ফুটবলার নিবন্ধনে নিষেধাজ্ঞা দিয়েছে। ইজিএমে নির্দিষ্ট আলোচ্যসূচির বাইরে ফুটবলে চলমান আর্থিক সংকট নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন ক্লাবের বহু সাবেক তারকা ক্রীড়াবিদ, যাদের মধ্যে ছিলেন আন্তর্জাতিক দাবাড়ু নিয়াজ মোরশেদ, সাবেক তারকা ফুটবলার সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির, জাতীয় দলের সাবেক অধিনায়ক ইমতিয়াজ সুলতান জনি ও আমিনুল হক, ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান, মিনহাজুল আবেদীন নান্নু, এবং হকির তারকা খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি প্রমুখ।
আরটিভি/এসকে




