
গত জুনে ওয়ানডে নেতৃত্ব হারানোর পর টেস্ট অধিনায়কত্ব থেকেও সরে দাঁড়িয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে আবারও টেস্ট দলের দায়িত্ব পেয়েছেন তিনি। আয়ারল্যান্ড সিরিজ দিয়ে দ্বিতীয় অধ্যায় শুরু হতে যাচ্ছে শান্তর। তবে সিরিজ শুরুর আগে নেতৃত্বে ফেরার কারণ জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১১ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্টের আগেরদিন শুরুর আগে সংবাদ সম্মেলনে আসেন শান্ত।
এ সময় নেতৃত্বে ফেরা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শান্ত বলেন, তিন ফরম্যাটে আলাদা অধিনায়ক থাকায় আমি আগেই সরে গিয়েছিলাম। কিন্তু এখন বোর্ডের সঙ্গে আলোচনায় সব পরিষ্কার। আমি কনফিডেন্ট, কোনো জটিলতা হবে না।
‘অন্য দুইজন ক্যাপ্টেনের (লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ) সঙ্গেও কথা হয়েছে। এখন আমাদের মধ্যে ভালো যোগাযোগ আছে। এ কারণেই মনে হয়েছে (ফেরার) সময়টা সঠিক।’
অধিনায়কত্ব ছাড়ার পরের সময়টা নিয়ে তিনি বলেন, এই সময়টায় ভালোই ছিলাম। এখন বোর্ডের যে যোগাযোগ, যে মনোভাব তা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি বিশ্বাস করি দলই সবার আগে। বোর্ডে থাকা সাবেক ক্রিকেটারদের চিন্তাধারা আমার ভালো লেগেছে। তাই ফিরেছি।’
আরটিভি/এসআর




