
কাতার বিশ্বকাপের পর থেকেই ইনজুরিতে ভুগছেন নেইমার জুনিয়র। এর মাঝেই ব্রাজিলের আক্রমণ বিভাগের মূল দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। কার্লো আনচেলত্তি কোচ হয়ে আসার পর ভিনির জন্য কাজটা আরও সহজ হয়ে গেছে। তাই আসন্ন ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ভিনিকে নিয়ে নতুন ছক কষছেন তিনি।
সাধারণত ক্লাব ও দেশের হয়ে লেফট উইংয়ে (বাম প্রান্তে) খেলেন ভিনিসিয়ুস। তবে আনচেলত্তির মতে, তার গোল করার ক্ষমতা আরও ভালোভাবে কাজে লাগবে, যদি তিনি সেন্ট্রাল ফরোয়ার্ডের ভূমিকা নেন।
প্ল্যাকার ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, আমি তাকে বলেছি, দেখো, যখন তুমি উইঙ্গার হিসেবে খেলো, গোল করতে তোমাকে তিন-চারটি ড্রিবল করতে হয়, বল স্পর্শ করতে হয় সাত-আটবার; কিন্তু কেন্দ্রে থাকলে, মাত্র একবার সময়মতো মুভমেন্টই যথেষ্ট গোল করার জন্য।
তিনি আরও বলেন, ভিনিসিয়ুস বিষয়টি বুঝেছে এবং এই পজিশনে খেলতে তার ভালো লাগে। আমরা এমন এক খেলোয়াড়কে পাচ্ছি, যিনি উইংয়ে যেমন বিপজ্জনক, তেমনি জায়গা পেলে কেন্দ্র থেকেও ভয়ংকর হতে পারেন।
রিয়াল মাদ্রিদের কোচ হিসেবেও আনচেলত্তি মাঝে মাঝে ভিনিসিয়ুসকে সেন্ট্রাল স্ট্রাইকার হিসেবে আক্রমণভাগে খেলিয়েছেন; বিশেষ করে পেনাল্টি এরিয়ার কাছাকাছি। এই কৌশলে ভিনিসিয়ুস গোলের সুযোগ পেতে আরও কার্যকর প্রমাণিত হন।
২৫ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে জাতীয় দলের হয়ে খেলেন। এখনও পর্যন্ত ৪৩ ম্যাচে ৮ গোল করেছেন। চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ১৬ ম্যাচে ৫ গোল ও ৩ অ্যাসিস্ট করেছেন তিনি।
ব্রাজিলের আসন্ন আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সেনেগালের বিপক্ষে, যা অনুষ্ঠিত হবে শনিবার এমিরেটস স্টেডিয়ামে। এই ম্যাচেই ভিনিসিয়ুসকে নতুন ভূমিকায় মাঠে দেখা যেতে পারে বলে আশা করা হচ্ছে।
আরটিভি/এসআর




