
ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে নিউজিল্যান্ড। সিরিজের শেষ ম্যাচে ব্যাটে-বলে দাপট দেখিয়েছেন স্বাগতিক বোলার ও ওপেনাররা।
ডানেডিনে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। শুরু থেকেই ক্যারিবীয় ব্যাটারদের উপর চেপে বসেন কিউই বোলাররা। জ্যাকব ডাফির বিধ্বংসী বোলিংয়ে ১৮.৪ ওভারে মাত্র ১৪০ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ডাফি একাই তুলে নেন ৪ উইকেট।
জবাবে, ১৪১ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত সূচনা পায় নিউজিল্যান্ড। ওপেনার টিম রবিনসন ও ডেভন কনওয়ের ৬৯ রানের উদ্বোধনী জুটি দলকে জয়ের ভিত গড়ে দেয়। রবিনসন ২৪ বলে ৪৫ রান করেন, যার মধ্যে ছিল ৫টি চার ও ৩টি ছক্কা। অপর প্রান্তে কনওয়ে ৪২ বলে অপরাজিত ৪৭ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। তার সঙ্গে অপরাজিত ছিলেন মার্ক চাপম্যান (২১)।
রাচিন রবীন্দ্র করেন ১৬ রান। ২৬ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ব্ল্যাকক্যাপসরা।
এর আগে, ক্যারিবীয় ব্যাটারদের মধ্যে রস্টন চেজ ৩৮ ও রোমারিও শেফার্ড ৩৬ রান করে কিছুটা প্রতিরোধ গড়লেও বাকি সবাই ব্যর্থ হন। নিউজিল্যান্ডের হয়ে ডাফি ৪ উইকেট, নিশাম ২টি এবং জেমিসন, ব্রেসওয়েল, স্যান্টনার ও সোধি ১টি করে উইকেট নেন।
ম্যাচে ৪ উইকেট নেওয়ার সুবাদে ম্যাচসেরার পুরস্কার পান জ্যাকব ডাফি। পুরো সিরিজে সর্বোচ্চ ১০ উইকেট নিয়ে সিরিজসেরাও নির্বাচিত হন তিনি।
আরটিভি/এসকে




