
এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে দারুণ সাফল্য এনে দিয়েছেন বাংলাদেশের কুলসুম আক্তার মনি। কম্পাউন্ড নারী এককে ব্রোঞ্জ পদক জিতে ইতিহাস গড়েছেন এই তরুণ তীরন্দাজ।
রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে চাইনিজ তাইপের প্রতিদ্বন্দ্বী চেন সিকে ১৪৫-১৪৪ পয়েন্টে হারিয়ে পদক নিশ্চিত করেন কুলসুম।
যদিও ম্যাচের শুরুটা ভালো ছিল না বাংলাদেশের এই তীরন্দাজের জন্য। প্রথম সেটে ২৯-৩০ পয়েন্টে পিছিয়ে পড়েন তিনি। তবে পরের দুটি সেটে দারুণ ঘুরে দাঁড়িয়ে ২৯-২৯ সমতা ফেরান। চতুর্থ সেটে ২৯-২৮ পয়েন্টে লিড নেওয়ার পর শেষ সেটে পুরো আধিপত্য দেখান কুলসুম। ৩০-২৭ ব্যবধানে জয় তুলে নিয়ে নিজের গলায় ব্রোঞ্জ পদক ঝুলিয়ে দেন তিনি।
এর মাধ্যমে একক ইভেন্টে এবারই প্রথম পদক পেল বাংলাদেশ। এর আগে একই আসরে মিশ্র দ্বৈত ইভেন্টে রুপা জিতেছিলেন বন্যা আক্তার ও হিমু বাছাড়া জুটি।
সেমিফাইনালে ভারতের প্রীতিকা প্রদীপের বিপক্ষে অল্প ব্যবধানে (১৪৬-১৪৫) হেরে ফাইনালের স্বপ্ন ভেঙে যায় কুলসুমের। ব্রোঞ্জ জিতে তিনি বলেন, দিনের শেষটা খুব ভালো হয়েছে আমার। আমি প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম কিছুই পাব না। কিন্তু শেষ পর্যন্ত লড়েছি, আর সুন্দরভাবে ফিনিশ করেছি এটাই আর্চারির আসল সৌন্দর্য।
এই জয়ে বাংলাদেশের আর্চারি দল এবারের আসরে মোট দুটি পদক অর্জন করেছে একটি রুপা ও একটি ব্রোঞ্জ।
আরটিভি/এসকে




