
ফুটবলপ্রেমীদের জন্য দারুণ এক খবর। ঢাকায় আসছেন আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানিজিয়া। সর্বকালের অন্যতম সেরা ব্রাজিলিয়ান ডিফেন্ডার কাফুর মতো তিনিও যোগ দেবেন আগামী ৫ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ‘এএফবি লাতিন-বাংলা সুপার কাপ’ ফুটবল টুর্নামেন্টে।
সর্বকালের অন্যতম সেরা আর্জেন্টাইন ফরোয়ার্ড ক্যানিজিয়া ছিলেন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার সতীর্থ। ১৯৯০ ও ১৯৯৪ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে তার দুর্দান্ত পারফরম্যান্স তাকে বিশ্বজুড়ে জনপ্রিয় করে তোলে। ফুটবল ইতিহাসে ম্যারাডোনা-ক্যানিজিয়া জুটি এখনো আলোচিত এক অধ্যায়।
আয়োজক প্রতিষ্ঠান এএফবক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল জানিয়েছে, কাফু ও ক্যানিজিয়ার একসঙ্গে ঢাকায় আগমন বাংলাদেশের ফুটবল ইতিহাসে এক বিশেষ মুহূর্ত তৈরি করবে।
‘এএফবি লাতিন-বাংলা সুপার কাপ’ টুর্নামেন্টে অংশ নেবে আর্জেন্টিনার অ্যাথলেটিকো চারলন ক্লাব, ব্রাজিলের সাও বার্নাদো ক্লাব এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) গঠিত একটি বয়সভিত্তিক দল।
এক ভিডিও বার্তায় ক্যানিজিয়া বলেছেন, হ্যালো বাংলাদেশ, আমি ক্লদিও ক্যানিজিয়া। এই আয়োজনের অংশ হতে পেরে আমি আনন্দিত। আশা করি ১১ ডিসেম্বর ‘এএফবি লাতিন বাংলা সুপার কাপে’ তোমাদের সঙ্গে দেখা হবে এবং একসঙ্গে উপভোগ করব।
আয়োজক প্রতিষ্ঠানের কর্ণধার এমডি আসাদুজ্জামান জানান, ক্লদিও ক্যানিজিয়ার উপস্থিতি টুর্নামেন্টে এক নতুন মাত্রা যোগ করবে। ফুটবলপ্রেমীরা তাকে খুব কাছ থেকে দেখার বিরল সুযোগ পাবেন।
বাংলাদেশে একই মঞ্চে কাফু ও ক্যানিজিয়ার উপস্থিতি নিঃসন্দেহে দেশীয় ফুটবলভক্তদের জন্য এক ঐতিহাসিক অভিজ্ঞতা হয়ে উঠবে।
আরটিভি/এসকে




