
বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ সিরিজে টানা দুই ম্যাচ জিতে বিশ্বকাপের পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে পাকিস্তান। বৃহস্পতিবার অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশের বিরুদ্ধে শোচনীয় পরাজয় এনেছে তারা। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি এখন কেবল নিয়মরক্ষার।
প্রথম ম্যাচে ৮-২ গোলে হারার পর দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশ একই ব্যবধানে ৮-০ গোলে পরাজিত হয়। পুরো ম্যাচজুড়ে পাকিস্তানের আধিপত্য ছিল স্পষ্ট, আর বাংলাদেশ কোনো গোলের সুযোগকেও কাজে লাগাতে পারেনি।
গত ম্যাচে মাথায় আঘাত পেয়ে মাঠের বাইরে থাকা রোমান সরকারের অনুপস্থিতিতে বাংলাদেশের রক্ষণভাগে দুর্বলতা স্পষ্ট ছিল। প্রথম ম্যাচে পাকিস্তানের নেওয়া ৮টি পেনাল্টি কর্নার থেকে একটি গোল হলেও দ্বিতীয় ম্যাচে তারা ১১টি পেনাল্টি কর্নার থেকে চারটি গোল করতে সক্ষম হয়।
চার কোয়ার্টারজুড়েই পাকিস্তান গোল করেছে ধারাবাহিকভাবে—
১ম কোয়ার্টার: পাকিস্তান ১-০
২য় কোয়ার্টার: পাকিস্তান ৪-০
৩য় কোয়ার্টার: পাকিস্তান ৫-০
৪র্থ কোয়ার্টার: পাকিস্তান ৮-০
কারা করলেন গোলগুলো
সুফিয়ান খান (৬ ও ১৯ মিনিট), রানা ওয়াহিদ আশরাফ (১৩ ও ৫৭ মিনিট), ওয়াহিদ (৩০ মিনিট, পেনাল্টি কর্নার), শহিদ হান্নান (৩২ মিনিট, পেনাল্টি কর্নার), আফরাজ (৫৩ মিনিট) এবং আম্মাদ ভাট (৫৯ মিনিট, পেনাল্টি কর্নার) পাকিস্তানের হয়ে গোল করেন।
প্রথম ম্যাচের পর অধিনায়ক রেজাউল বাবু ভালো খেলার প্রত্যাশা করলেও দ্বিতীয় ম্যাচের ফল তার উল্টো। তরুণ খেলোয়াড় ওবায়দুল হক জয় বলেন, আমাদের কোচ যে পরিকল্পনা দিয়েছিলেন, আমরা অনেক সময় সেটায় থাকতে পারিনি। তাই গোলগুলো খেয়েছি। সুযোগ পেয়েও কাজে লাগাতে পারিনি।
অ-২১ দলের সদস্য জয় আরও বলেন, পাকিস্তান অনেক বড় দল। তাদের বিপক্ষে খেলা আমাদের জন্য বড় শিক্ষা। আরেকটু সময় পেলে হয়তো আরও ভালো করা যেত।”
১৮ নভেম্বর বাংলাদেশ অ-২১ দল ভারতে বিশ্বকাপ খেলতে যাবে। সিনিয়র দলে থাকা সাতজন অ-২১ খেলোয়াড়ের জন্য পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ বড় অভিজ্ঞতা হিসেবে কাজ করবে।
প্লে-অফ সিরিজ জিতে বিশ্বকাপ বাছাই নিশ্চিত করায় সন্তোষ প্রকাশ করেছেন পাকিস্তানের খেলোয়াড় ওয়াহিদ। এশিয়া কাপে না খেলায় পাকিস্তানকে এই প্লে-অফ সিরিজ খেলতে হয়েছে।
ভারতে বিশ্বকাপ হলে তারা ভারতের বিপক্ষে খেলবে কি না এমন প্রশ্নে ওয়াহিদ বলেন, ভারতে গিয়ে ভারতের সঙ্গে না খেললেও নিরপেক্ষ ভেন্যু বেলজিয়ামে খেলতে কোনো সমস্যা নেই।
আরটিভি/এসকে




