
অন্তঃসত্ত্বা অবস্থাতেও সামাজিক বাঁধনকে চ্যালেঞ্জ জানিয়ে অনন্য এক কৃতিত্ব গড়লেন পুলিশ কনস্টেবল সোনিকা যাদব। সাত মাসের গর্ভবতী থাকা সত্ত্বেও তিনি ভারোত্তোলন প্রতিযোগিতায় অংশ নিয়ে ব্রোঞ্জ পদক অর্জন করেন, যা সত্যিই দৃষ্টান্ত স্থাপন করেছে।
সোনিকা যাদব অন্ধ্র প্রদেশে অনুষ্ঠিত অল ইন্ডিয়া পুলিশ ওয়েটলিফটিং ক্লাস্টারে অংশ নিয়ে ১৪৫ কেজি ডেডলিফটে ব্রোঞ্জ জেতেন। এছাড়া তিনি স্কোয়াটে ১২৫ কেজি এবং বেঞ্চ প্রেসে ৮০ কেজি ভারও উত্তোলন করেন, যা সকলকে অবাক করেছে।
গর্ভাবস্থায় ভারোত্তোলনের নিরাপত্তা নিয়ে কিছু প্রশ্ন ওঠলেও সোনিকা বলেন, তার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি নিয়মিত তার কঠোর রুটিন বজায় রেখেছেন। গর্ভাবস্থায় তার খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন থাকলেও ব্যায়াম ও জিমে কঠোর পরিশ্রম অব্যাহত রেখেছেন।
তিনি আরও বলেন, নারীদের সবচেয়ে বড় বাধা হচ্ছে পরিবারের সমর্থনের অভাব। কিন্তু যেকোনো কাজে সফল হতে হলে নিয়মিত পরিশ্রম করতে হয় এবং দৃঢ় সংকল্প রাখতে হয়। সোনিকার এই সাফল্য অনেক নারীকে অনুপ্রেরণা জোগাবে।
সোনিকার এই অর্জন প্রমাণ করলো, গর্ভবতী নারীরাও কঠিন শারীরিক কাজ করতে পারে এবং সামাজিক ভ্রান্ত ধারণাকে জয় করতে পারে। তার এই সাহসিকতা ও কঠোর পরিশ্রম সকলের জন্য অনুপ্রেরণার উৎস।
আরটিভি/এসকে




