
ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে বাংলাদেশের তিন আর্চার দেশের জন্য এনেছেন দুইটি পদক। শক্তিশালী ভারত ও দক্ষিণ কোরিয়ার মতো পরাশক্তির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এই সাফল্য অর্জন করেন তারা। তাদের অবদানের প্রতি সম্মান জানিয়ে সরকার ঘোষণা দিয়েছে প্রত্যেক পদকজয়ী আর্চারকে দেওয়া হবে ১০ লাখ টাকা করে পুরস্কার।
শুক্রবার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, আন্তর্জাতিক প্রতিযোগিতায় সফল হতে হলে বিশ্বমানের সুযোগ-সুবিধা অত্যন্ত জরুরি। তিনি বলেন, অলিম্পিকে স্বর্ণ জিততে হলে যাদের সঙ্গে প্রতিযোগিতা করি, তাদের মতোই সমান প্রস্তুতি দরকার। আমাদের সামর্থ্যের জায়গা থেকেই আমরা সহায়তা করছি। আশা করি আর্চারি থেকে একদিন অলিম্পিক স্বর্ণ আসবে।
বাংলাদেশের পদকজয়ীরা
কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে রুপা-হিমু বাছাড় ও বন্যা আক্তার,কম্পাউন্ড নারী এককে ব্রোঞ্জ-কুলসুম আক্তার মনি।
পুরস্কারের ঘোষণা শুনে উচ্ছ্বাস প্রকাশ করেন বন্যা আক্তার। তিনি বলেন, এটা আমাদের জন্য দারুণ প্রেরণা। এমন আর্থিক সহায়তা আগ্রহ বাড়াবে, মনোযোগও বাড়াবে। অনেকেই সুযোগের অভাবে আর্চারি ছেড়ে দেন বা বিদেশে যেতে চান এই ধরনের উদ্যোগ সেই প্রবণতা কমিয়ে দেবে।’
এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ: পদক তালিকা
ভারত- ৬ সোনা, ৩ রুপা, ১ ব্রোঞ্জ (মোট ১০)
দক্ষিণ কোরিয়া- ২ সোনা, ৪ রুপা, ৪ ব্রোঞ্জ
বাংলাদেশ -১ রুপা, ১ ব্রোঞ্জ।
বাংলাদেশের আর্চারদের এই সাফল্যে দেশের ক্রীড়াঙ্গনে নতুন আশার সঞ্চার হয়েছে। আলোচনার কেন্দ্রবিন্দু এখন দেশের তিন উদীয়মান আর্চারের হাত ধরেই ভবিষ্যতে আরও বড় অর্জনের প্রত্যাশা।
আরটিভি/এসকে




