
ফুটবলের সবচেয়ে নান্দনিক গোলের স্বীকৃতি ফিফা পুসকাস অ্যাওয়ার্ড ২০২৫-এর জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এবার মনোনীতদের সেরা ১০ জনের তালিকায় জায়গা পেয়েছেন আর্সেনালের ইংলিশ মিডফিল্ডার ডেকলান রাইস এবং বার্সেলোনার উঠতি তারকা লামিনে ইয়ামাল।
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে অসাধারণ এক ফ্রি-কিকে করা গোলের জন্য মনোনীত হয়েছেন রাইস। অন্যদিকে লা লিগায় এস্পানিওলের বিপক্ষে বক্সের বাইরে থেকে দুর্দান্ত কার্ল শটে গোল করে আলোচনায় আসেন ১৭ বছর বয়সী ইয়ামাল; সেই গোলটিই তাঁকে এনে দিয়েছে পুসকাস মনোনয়ন।
২০২৫ সালের পুসকাস অ্যাওয়ার্ডের জয়ী নির্ধারিত হবে জনভোট ও ফিফা লিজেন্ডদের ভোটের সমন্বয়ে উভয় পক্ষের ভোটের ওজন থাকবে ৫০ শতাংশ করে। ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস ২০২৫’ অনুষ্ঠানে ঘোষণা করা হবে বিজয়ীর নাম।
এবারের পুরস্কারের জন্য মূল্যায়ন করা হয়েছে ২০২৪ সালের ১১ আগস্ট থেকে ২০২৫ সালের ২ আগস্ট পর্যন্ত সময়ে হওয়া গোলগুলো। গত বছর চেলসির আলহান্দ্রো গারনাচো তার স্মরণীয় বাইসাইকেল কিক গোলের জন্য পুসকাস পুরস্কার জিতেছিলেন। এর আগেও মোহাম্মদ সালাহ, সন হিউং-মিন, অলিভিয়ে জিরুর মতো তারকারা জিতেছেন এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি।
ফুটবলপ্রেমীরা তাই এবারও অপেক্ষায় কে জিতবেন বছরের সেরা গোলের মুকুট?
পুসকাসের জন্য মনোনয়ন পেলেন যারা-
আল্লেরান্দ্রো (ভিক্টোরিয়া) বনাম ক্রুজেরিও, ১৯ আগস্ট ২০২৫
আলেসান্দ্রো দিয়োলা (ক্যালিগারি) বনাম ভেনেজা, ১৮ মে ২০২৫
পেদ্রো দে লা ভেগা (ক্রুজ আজুল) বনাম সিয়াটল সাউন্ডার্স, ৩১ জুলাই ২০২৫
সান্তিয়াগো মন্টিয়েল (ইন্ডিপেন্ডিয়েট) বনাম ইন্ডিপেন্ডিয়েট রিভাদাভিয়া , ১১ মে ২০২৫
আমার নাসের (আল আহলি) বনাম ফারকো, ১৭ এপ্রিল ২০২৫
কার্লোস অররান্তিয়া (কুইরতেরো) বনাম আটলাস, ১৬ এপ্রিল ২০২৫
লুকাস রিবেরিও (মামেলদি সানডাউন্স) বনাম বরুশিয়া ডর্টমুন্ড, ২১ জুন ২০২৫
ডেকলান রাইস (আর্সেনাল) বনাম রিয়াল মাদ্রিদ, ৮ এপ্রিল ২০২৫
রিজকি রিধো (পেরসিজা জাকার্তা) বনাম আরেমা, ৯ মার্চ ২০২৫
কেভিন রদ্রিগুয়েজ (কাসিমপাজা) বনাম রেজিসপর, ৯ ফেব্রুয়ারি ২০২৫
লামিন ইয়ামাল (এস্পানিওল) বনাম বার্সেলোনা, ১৫ মে ২০২৫।
আরটিভি/এসকে




