
শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ সিরিজের প্রথম ম্যাচে ১৯৩ রান করেছিল টাইগাররা যা টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রান। ওই ম্যাচে দুরন্ত সূচনা করেছিলেন সৌম্য সরকার। হার্ড হিটার এই ওপেনার মনে করেন দলের সামর্থ্য আছে দুইশ রান পার করার।
স্বাধীনতার ৭০তম বার্ষিকী উপলক্ষে ঘরের মাঠে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ নিদাহাস ট্রফি আয়োজন করছে শ্রীলঙ্কা। আগামী ৬ মার্চ শুরু হতে যাওয়া টুর্নামেন্টে স্বাগতিকরাসহ খেলবে বাংলাদেশ ও ভারত।
এই সিরিজকে সামনে রেখে শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ দল। তার আগে হোম অব ক্রিকেটে কথা বলেছেন সৌম্য।
তিনি বলেন, শ্রীলঙ্কার বিপক্ষে সম্প্রতি আমরা ১৯০ করেছি। শেষের দিকে ভালো না করার পরও এই রান হয়েছিল। আমরা যদি শুরু থেকে কিছু রান করতে পারি এবং মাঝখানেও রান আসে, এ ছাড়া বিগ হিটাররা যদি বড় কিছু ইনিংস খেলে ফেলতে পারেন, তাহলে আশা করি দুইশর বেশি রান করতে পারব। এটা প্রথম ইনিংসে হোক বা দ্বিতীয় ইনিংসে, ২০০ করতে পারি আমরা।
দলের অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এ বিষয়ে অবশ্যই ব্যাটসম্যানদের দায়িত্ব বেশি নিতে হবে বলে মনে করেন সৌম্য।
বাম-হাতি এই ব্যাটসম্যান বলেন, টি-টোয়েন্টি ছোট ফরম্যাট। সুতরাং একজন বোলার কিংবা ব্যাটসম্যানদের ওপর নির্ভর করা যাবে না। দুইটা পার্ট যদি ভালো হয়, তাহলে তো খুবই ভালো। সাকিব ভাইয়ের অবস্থা জানি না। উনি থাকলে দলের আলাদা একটা শক্তি থাকবে। ৩ সাইডেই তিনি থাকলে ভালো হয়। এখন সেটা চিন্তা না করে, আমরা বাকি যারা আছি, তারা ভালো কিছু করতে পারলে ভালো হবে।
অন্য দুই দলের তুলনায় বাংলাদেশের অবস্থানটা কেমন? এমন প্রশ্নে ২৫ বছর বয়সী এই তারকা বলেন, আমরা যদি আমাদের অবস্থান নিচে দেখি, তাহলে আগেই আমরা পিছিয়ে পড়ব। সেটি করার মানে নেই। আমি মনে করি, যারা ভালো খেলবে, তারাই জিতবে। ওই সময়ে যদি ভালো খেলতে পারি, তাহলে জিতব। কে কোথায় আছি, সেটা আগেই চিন্তা করলে আমরা পিছিয়ে পড়ব। সেটা চিন্তা না করে কিভাবে নিজেদের কাজটা ভালো করতে পারি, সেটা নিয়েই ভাবছি।
৮ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের মিশন শুরু করবে বাংলাদেশ। ফাইনাল হবে ১৮ মার্চ।
ফাইনালের আগে ডাবল লিগ পদ্ধতিতে চারটি করে ম্যাচ খেলবে দল তিনটি। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ কলোম্বোর ঐতিহাসিক প্রেমাদাসা স্টেডিয়ামে হবে।
আরও পড়ুন:
ওয়াই/সি




