ইডেন গার্ডেনসে অনুষ্ঠিত টেস্ট ম্যাচে ভারত মাত্র ১২৪ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমেও স্পিনারদের হাতে ধুঁকতে থাকে এবং ৯৩ রানে অলআউট হয়ে যায়। এর ফলে দক্ষিণ আফ্রিকা ৩০ রানে নাটকীয় জয় তুলে নিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে।
রোববার (১৬ নভেম্বর) সকালে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে ৯৩ রানে দিন শুরু করে। অধিনায়ক টেম্বা বাভুমা একা লড়াই করে অপরাজিত ৫৫ রানে পৌঁছান। তার সঙ্গে করবিন বশের ২৫ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলের পুঁজি আরও বৃদ্ধি পায়। প্রোটিয়া দল দ্বিতীয় ইনিংসে ১৫৩ রানে এসে ঠেকলে ভারতের সামনে ১২৪ রানের সহজ লক্ষ্য দাঁড়ায়। ভারতের পক্ষে রবীন্দ্র জাদেজা ৪টি, মোহাম্মদ সিরাজ ও কুলদীপ যাদব ২টি করে উইকেট নিয়েছিলেন।
লক্ষ্য তাড়া করতে নেমে ভারত শুরুতেই ধাক্কা খায়। মার্কো ইয়ানসেনের তোপে প্রথম ওভারেই যশস্বী জয়সোয়াল (০) আউট হন। পরের ওভারে লোকেশ রাহুলও মাত্র ১ রান করে ফেরেন। চোটের কারণে অধিনায়ক শুভমান গিল অনুপস্থিত থাকায় ভারত ব্যাটিংয়ে দুর্বল দেখায়। ধ্রুব জুরেল (১৩) ও ঋষভ পন্ত (২)ও বড় ইনিংস গড়তে ব্যর্থ হন। স্পিনার সাইমন হার্মার ভারতীয় ব্যাটসম্যানদের একে একে ফেরিয়ে দেন।
নাইটওয়াচম্যান হিসেবে নেমে ওয়াশিংটন সুন্দর কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ৯২ বলে ৩১ রান করে আউট হন। রবীন্দ্র জাদেজা কিছু চেষ্টা করলেও বেশি দূর যেতে পারেননি। শেষদিকে অক্ষর প্যাটেল ঝড় তুললেও ১৭ বলে ২৬ রানে থেমে যান। কেশভ মহারাজ এবং সাইমন হার্মার ব্যাটিং ইউনিটকে ভেঙে দেন এবং মোহাম্মদ সিরাজকেও দ্রুত ফিরিয়ে দিয়ে ভারতকে অলআউট করে দেন।
দক্ষিণ আফ্রিকার পক্ষে সাইমন হার্মার ৪টি, মার্কো ইয়ানসেন ও কেশভ মহারাজ ২টি করে উইকেট নিয়েছেন। এই ফলাফলে টেস্ট বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা শক্তিশালী অবস্থানে রয়েছেন।
আরটিভি/এসকে




