
বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে নতুন মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন মুশফিকুর রহিম। দীর্ঘ ক্যারিয়ারজুড়ে অনবদ্য পেশাদারিত্ব, ধৈর্য আর নিবেদন দিয়ে জাতীয় দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসা এই তারকা ব্যাটার মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে শততম টেস্টে মাঠে নামার অপেক্ষায়। দেশের হয়ে এই মাইলফলকে পৌঁছানো প্রথম ক্রিকেটার হতে যাচ্ছেন তিনি।
মুশফিকের এই অসাধারণ অর্জনের আগেই প্রশংসা এসেছে আন্তর্জাতিক অঙ্গন থেকে। আয়ারল্যান্ডের প্রধান কোচ হেইনরিখ মালান মনে করছেন মুশফিকের শততম টেস্ট পুরোপুরিই প্রাপ্য। মিরপুরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ১০০ টেস্ট… নিজের দেশের হয়ে এমন মাইলফলকে পৌঁছানো সহজ নয়। বছরের পর বছর কঠোর পরিশ্রম ও টেস্ট ক্রিকেটের প্রতি দায়বদ্ধতার ফল এটি। তাকে অভিনন্দন জানাই।
মালান মুশফিকের পেশাদারিত্বের উদাহরণ টেনে আরও বলেন, আমি খুব সকালে উঠি, তখনই দেখি সে ব্রেকফাস্টে। মাঠে গেলে দেখি ব্যাটিং শুরু করে দিয়েছে, অনেকেই তখনো মাঠে আসেনি। এমন ধারাবাহিক রুটিন পারফরম্যান্স এনে দেয়, আর তার ক্যারিয়ারই তার প্রমাণ।
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে জিতে ১–০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। ১৯ নভেম্বর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। সেখানেই দৃষ্টি থাকবে মুশফিক কি নাম লেখান বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে অনন্য এক অধ্যায়ের সূচনায়।
দীর্ঘ দেড় যুগ ধরে দলের নির্ভরতার প্রতীক হয়ে থাকা মুশফিকের শততম টেস্ট শুধু ব্যক্তিগত অর্জন নয় এ দেশের ক্রিকেটের জন্যও এক গর্বের মুহূর্ত।
আরটিভি/এসকে




