বাংলাদেশ ক্রিকেটের দুই প্রখ্যাত তারকা মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের মধ্যকার বন্ধন সবসময়ই ছিলো গুটিকয়েক বিশেষ সম্পর্কের অন্যতম। মুশফিকুর রহিম যখন দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার গৌরব অর্জন করলেন, তখন সাকিব আল হাসান তার প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসার আবেগঘন বার্তা প্রকাশ করলেন।
সাকিব আল হাসান তার ফেসবুক স্ট্যাটাসে মুশফিককে উদ্দেশ্য করে জানান, লর্ডসে মুশফিকের প্রথম টেস্ট থেকে আজ পর্যন্ত, তিনি শুধু আমাকে নয়, দেশের অসংখ্য ক্রিকেটারকে অনুপ্রাণিত করে এসেছেন।
তিনি আরও উল্লেখ করেন, তার ছোটবেলা থেকে বয়সভিত্তিক ক্রিকেটে মুশফিককে তিনি নিজেই তার অধিনায়ক মনে করতেন এবং আজও তাকে নিজের অধিনায়ক ভাবেন। প্রথম টেস্ট ম্যাচে মুশফিকের প্রতিটি বল তিনি দেখেছেন বিকেএসপির রিক্রিয়েশন রুম থেকে।
মুশফিকের শততম টেস্টকে ‘ঐতিহাসিক অর্জন’ বলে অভিহিত করে সাকিব জানান, এই বিশেষ ম্যাচেও তিনি মুশফিকের প্রতিটি বল দেখবেন। যদিও মাঠে থেকে মুহূর্তগুলো ভাগাভাগি করতে না পারার কিছুটা আক্ষেপ রয়েছে তার, তবু মুশফিককে শুভকামনা জানিয়ে তিনি লেখেন, মুশফিক যেন উপভোগ করেন তার শততম টেস্টের প্রতিটি মুহূর্ত।
মুশফিকের এই সাফল্যের দিনে সাকিবের আবেগঘন বার্তা আবারও প্রমাণ করে বাংলাদেশের ক্রিকেটে তাদের পারস্পরিক সম্মান ও বন্ধন কতটা গভীর এবং অটুট।
বাংলাদেশ ক্রিকেট পরিবার এই ঐতিহাসিক মুহূর্তে মুশফিকুর রহিমের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছে।
আরটিভি/এসকে




