
ইতিহাসে নতুন অধ্যায় লেখালেন মুশফিকুর রহিম। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার কীর্তি গড়লেন অভিজ্ঞ এই উইকেটকিপার ব্যাটসম্যান।
বুধবার (১৯ নভেম্বর) শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে নেমেই মুশফিক শততম টেস্টে ব্যাট করতে নেমে অর্ধশতক হাঁকিয়ে অপরাজিত রয়েছেন। ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার টেস্ট ক্রিকেটে দীর্ঘদিন ধরে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে নিজের স্থান শক্ত করেছেন।
এই মাইলফলক উপলক্ষে আন্তর্জাতিক ক্রিকেটের সম্মানিত মুখ, অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক রিকি পন্টিং আইসিসির ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা দিয়ে মুশফিককে অভিনন্দন জানিয়েছেন।
পন্টিং বলেন, মুশফিকের অসাধারণ অর্জন, ১০০ টেস্ট খেলা প্রথম বাংলাদেশি হওয়া। আমি সবসময় বলি, একজন মানসম্মত ক্রিকেটারকে বিচার করার বড় মানদণ্ড হলো তার দীর্ঘদিন ধরে উচ্চমানের পারফরম্যান্স ধরে রাখার ক্ষমতা। ক্যারিয়ারের শেষদিকে নিজেকে বদলে নেওয়া সহজ নয়, তাই মুশফিকের এই কীর্তি সত্যিই দারুণ।
তিনি আরও যোগ করেন, ১০০তম ম্যাচে তার জন্য শুভকামনা রইল। আশা করি, এটি তার ক্যারিয়ারের সেরা টেস্ট ম্যাচগুলোর একটি হবে।
আরটিভি/এসকে




