বাংলাদেশের অধিকাংশ সীমান্ত দিয়েই দেশে প্রবেশ করে মাদক দ্রব্য। যা নিয়ে চিন্তিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সঙ্গীত শিল্পী আসিফ আকবর। তার মতে, মাদক থেকে দূরে থেকে শিশুরা যেন খেলাধুলায় যুক্ত থাকে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলার শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম পরিদর্শন করার সময় এই কথা বলেন আসিফ।
তিনি বলেন, আমাদের বাংলাদেশের দুইটা বর্ডার, একটা হলো ভারত। তারা পাঠায় ফেন্সিডিল, আরেকটা পাঠায় ইয়াবা। আরও কিছু বর্ডার থাকলে বাংলাদেশ হাওয়ায় উড়ে যেতো। আমরা চাই আমাদের বাচ্চারা খেলাধুলায় আসুক। তারা যেন ড্রাগ অ্যাডিক্ট না হয়।
আসিফ বলেন, ঢাকার বাইরে খেলা ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তৃণমূল পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ক্রিকেটে যুক্ত করাই হচ্ছে মূল উদ্দেশ্য। এতে যা যা প্রয়োজন সব ধরনের সুবিধা দেওয়া হবে।
শিশুদের বছরে ৮ মাসের প্রশিক্ষণের পরিকল্পনার কথা জানিয়েছেন আসিফ। তার ভাষ্য, খেলার মাধ্যমে বাচ্চারা শারীরিকভাবে সুস্থ থাকার পাশাপাশি মাদক থেকে দূরে থাকবে এবং সমাজ রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাচ্চাদের বছরে ৮ মাস প্রশিক্ষণের মধ্যে রাখা হবে। বিশেষ করে ১৪-১৯ বছর বয়সীদের। তবে ২৩ বছর বয়সীদেরও নিয়েও পরিকল্পনা রয়েছে।
ঠাকুরগাঁও নিয়ে তিনি আরও বলেন, ঠাকুরগাঁও স্টেডিয়াম ক্রিকেটের জন্য চমৎকার স্থান। তাই এখানে লিগ খেলার জন্য উপযোগী করা হবে। এখান থেকেই সারাদেশে আবহ তৈরি হবে। এর জন্য যা যা করা প্রয়োজন তা বাস্তবায়নে কাজ করা হবে।
এ ছাড়াও পর্যাপ্ত সুযোগ সুবিধা পেলে ঠাকুরগাঁও থেকে ভালো মানের ক্রিকেটার তৈরি করা সম্ভব বলে মনে করেন স্থানীয় ক্রীড়া সংগঠকগরা।
আরটিভি/এসআর




