আগামী ২৭ নভেম্বর ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী আইপিএলের মেগা নিলাম। এবারের আসরের জন্য বাংলাদেশ থেকে তিনজন নারী ক্রিকেটার নিজেদের নাম নিবন্ধন করেছেন। তারা হলেন- পেসার মারুফা আক্তার, অলরাউন্ডার স্বর্ণা আক্তার ও লেগস্পিনার রাবেয়া খান।
সবশেষ নারী ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে বিশ্ব ক্রিকেটে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন তরুণ পেসার মারুফা আক্তার। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে তার দুর্দান্ত ইনসুইংয়ে ওমাইমা সোহেল ও সিদরা আমিনকে বোল্ড করে তিনি সবার নজর কাড়েন। সেই ডেলিভারির ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে, যেখানে প্রশংসা করেন শ্রীলঙ্কার কিংবদন্তি লাসিথ মালিঙ্গাও।
মারুফার মতোই আইপিএল নিলামে নাম তুলেছেন স্বর্ণা আক্তার। সাম্প্রতিক বিশ্বকাপে ৭ ম্যাচে ১১৬ রান ও বল হাতে ৬ উইকেট নিয়ে তার অলরাউন্ড পারফরম্যান্স নজর কাড়ে। একইভাবে রাবেয়া খানও ছিলেন দারুণ ফর্মে ৭ ম্যাচে ৭ উইকেটের পাশাপাশি ৮৭ রান করেন তিনি।
তিন বাংলাদেশি ক্রিকেটারেরই ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩০ লাখ রুপি। মোট ২২৭ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন এবারের নারী আইপিএল মেগা নিলামের জন্য, যার মধ্যে ৮৩ জন বিদেশি। তবে বিদেশিদের জন্য দল পাওয়ার সুযোগ রয়েছে মাত্র ২৩ জনের।
নভেম্বরের নিলাম তাই বাংলাদেশের নারী ক্রিকেটের জন্য হতে পারে নতুন সম্ভাবনার দুয়ার।
আরটিভি/এসকে



