আগামী ৩০ নভেম্বর থেকে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকার। এরপর ৯ ডিসেম্বর থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই দুই সিরিজকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে প্রোটিয়া ক্রিকেট বোর্ড।
ভারত সিরিজ দিয়ে দীর্ঘদিন পর দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দলে ফিরেছেন পেসার আনরিখ নরকিয়া। ভারতের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটছে ৩১ বছর বয়সী এই গতি তারকার। সবশেষ গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলেছিলেন তিনি।
টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেবেন নিয়মিত অধিনায়ক এইডেন মার্করাম। এই স্কোয়াডে ফিরেছেন আরেক পেসার ওটনিল বার্টম্যান, তবে জায়গা হারিয়েছেন ব্যাটার রায়ান রিকেলটন।
আন্তর্জাতিক অবসরের সিদ্ধান্ত ভেঙে ফেরা উইকেটরক্ষক-ব্যাটার কুইন্টন ডি কক দুই ফরম্যাটেই (টি-টোয়েন্টি ও ওয়ানডে) রয়েছেন। তবে টি-টোয়েন্টি দলে ফিরলেও ওয়ানডে স্কোয়াডে রাখা হয়নি নরকিয়াকে। সবশেষ পাকিস্তান সফরে না থাকা টেম্বা বাভুমা ওয়ানডে সিরিজের নেতৃত্বে ফিরেছেন।
দক্ষিণ আফ্রিকা টি–টোয়েন্টি দল: এইডেন মার্করাম (অধিনায়ক), ওটনিল বার্টম্যান, করবিন বোশ, ডেওয়াল্ড ব্রেভিস, কুইন্টন ডি কক, টনি ডি জরজি, ডোনোভ্যান ফেরেইরা, রিজা হেনড্রিক্স, মার্কো জানসেন, কেশব মহারাজ, জর্জ লিন্ডে, কুয়েনা মাফাকা, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আনরিখ নরকিয়া ও ট্রিস্টান স্টাবস।
দক্ষিণ আফ্রিকা ওয়ানডে দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), অটনিয়েল বার্টম্যান, করবিন বশ, ম্যাথিউ ব্রিটজকে, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, কুইন্টন ডি কক, টোনি ডি জর্জি, রুবিন হারম্যান, কেশব মহারাজ, মার্কো জানসেন, এইডেন মার্করাম, লুঙ্গি এনগিডি, রায়ান রিকেলটন ও প্রেনেলান সুব্রায়েন।
আরটিভি/এসআর




