আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের একেবারে দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ। চার দিনের খেলা শেষে ম্যাচে বাংলাদেশের জয়ের সুবাস স্পষ্ট জিততে দরকার মাত্র ৪ উইকেট, আর আয়ারল্যান্ডের সামনে পাহাড়সম ৩৩৩ রানের লক্ষ্য।
দ্বিতীয় ইনিংসে ৫০৯ রানের লক্ষ্য দিয়ে মাঠে নামা আয়ারল্যান্ড শুরুতেই চাপে পড়ে। দুর্দান্ত বোলিংয়ে টানা দুই ওভারে ওপেনার অ্যান্ডি বালবির্নি ও পল স্টার্লিংকে ফিরিয়ে দেন তাইজুল ইসলাম। এই দুই আঘাতে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে বাংলাদেশ।
প্রথম ধাক্কার পর ক্যারমাইকেল–টেক্টর জুটি ৫১ রান যোগ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু হাসান মুরাদের দারুণ বোলিংয়ে ১৯ রানে ক্যারমাইকেলের বিদায় ঘটলে ফের চাপে পড়ে সফরকারীরা। টেক্টর হাফ-সেঞ্চুরি করলেও বেশি দূর এগোতে পারেননি দুই বল পরেই আউট হয়ে ভাঙে ৪১ রানের জুটি।
চা বিরতি পর্যন্ত আয়ারল্যান্ডের সংগ্রহ ছিল ৩ উইকেটে ৮৮। বিরতির পরও সুবিধা করতে পারেনি তারা। দু’দুবার জীবন পেয়েও বড় ইনিংস গড়তে ব্যর্থ হন স্টিফেন ডোহেনি (১৫)। আগের ইনিংসে ৭৫ রানের দুর্দান্ত নক খেলা লরকান টাকার এই ইনিংসে করেন মাত্র ৭ রান।
দিন শেষে ক্রিজে আছেন কুর্টিস ক্যাম্ফার (৩৪)* ও অ্যান্ডি ম্যাকব্রাইন (১১)*। আয়ারল্যান্ডের মোট সংগ্রহ ৬ উইকেটে ১৭৬।
এদিন অসাধারণ বোলিং করে তাইজুল ইসলাম সাকিব আল হাসানকে পেছনে ফেলে বাংলাদেশের শীর্ষ টেস্ট বোলার হয়েছেন। তার ঝুলিতে রয়েছে ৩ উইকেট। মুরাদ নিয়েছেন ২ উইকেট।
দিনের শুরুতে ব্যাট হাতে নিয়ন্ত্রণ ধরে রাখে বাংলাদেশ। ১ উইকেটে ১৫৬ রানে দিন শুরু করা দল দ্রুতই সাদমান ইসলামকে হারালেও (৭৮) মুমিনুল ও মুশফিক জুটি দারুণভাবে দলের হাল ধরেন। দু’জন মিলে চতুর্থ উইকেটে গড়েন ১২৩ রানের জুটি।
সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন মুমিনুল হক ১১৮ বলে ৮৭ রানের ইনিংস সাজান ১০ চারে। মুশফিক ছিলেন অপরাজিত ৫৩ রানে। অবশেষে ৪ উইকেটে ২৯৭ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। এখন জয়ের জন্য অপেক্ষা আর মাত্র কয়েকটি উইকেটের প্রশ্ন।
আরটিভি/এসকে




