
গেলো সপ্তাহে ইনজুরির কবলে পড়া প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) ফরোয়ার্ড নেইমারের অস্ত্রোপচার সফল হয়েছে। ডান পায়ের মেটাটারসালের চোটের কারণে সার্জনের চাকুর নিচে যেতে হয় এই সাম্বা তারকার৷ তাই ব্রাজিলের বেলো হরিজেন্তোতের মাতে দেই হাসপাতালে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়া।
১ ঘণ্টা ১৫ মিনিটের অস্ত্রোপচারের পর ব্রাজিল ফুটবল সংস্থা (সিবিএফ) ও পিএসজির পক্ষ থেকে আলাদাভাবে জানানো হয়েছে, সুস্থ আছেন নেইমার।
শনিবার অস্ত্রোপচারের পর হাসপাতালের বেডে টিভিতে পিএসজির ম্যাচ দেখেই সময় কাটিয়েছেন দলের সবচেয়ে বড় এই তারকা। তার আগে হাসপাতালের নিচে অবস্থান নেন ভক্ত-সমর্থকরা।
এদিকে ফ্রেঞ্চ সংবাদ মাধ্যম লি’কিপ জানায়, ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমারের মন্তব্যে সিবিএফ ও পিএসজির মধ্যে দ্বন্দ্ব শুরু হয়।
--------------------------------------------------------
আরও পড়ুন: ডি মারিয়ায় দাপুটে জয় পিএসজির
--------------------------------------------------------
প্যারিস ভিত্তিক এই গণমাধ্যমটি আরও জানায়, প্রাথমিকভাবে ফ্রান্সের চিকিৎসকরা পিএসজি তারকার চোটকে ‘আহামরি’ নয় বলে উল্লেখ করেছিলেন। তবে লাসমার নেইমারের এই ইনজুরিকে নিয়ে জলঘোলা করেন। এতে আগামী জুন থেকে শুরু হওয়া রাশিয়া বিশ্বকাপে সাম্বা কিংয়ের খেলা নিয়েও সৃষ্টি হয় শঙ্কা।
সেসময় তিনি বলেন, ইনজুরি কাটিয়ে মাঠে ফিরতে নেইমারের তিন মাস সময় লাগবে। তাই পার্ক দো প্রিন্সেসের দলটির হয়ে এবারের মৌসুমে আর মাঠে দেখা যাবে না তারকাকে।
তবে অস্ত্রোপচারের পর শনিবার লাসমারের বরাতে সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, দলের প্রাণভোমরার সেরে উঠতে ৬ সপ্তাহ সময় লাগবে।
তার সঙ্গে সুর মিলিয়ে ফ্রেঞ্চ চিকিৎসক জেরার্ড সায়লান্ট জানিয়েছেন, ৬ সপ্তাহ পড়েই অনুশীলনে ফিরতে পারবেন ২৬ বছর বয়সী এই তারকা।
নেইমারের অস্ত্রোপচারের সময় পিএসজিকে প্রতিনিধিত্ব করা এই চিকিৎসক আরও বলেন, অস্ত্রোপচার সফল হয়েছে। তবে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠা না পর্যন্ত বিষয়টি স্পষ্ট করে বলা যাচ্ছে না।
পাশাপাশি নেইমারের ইনজুরি নিয়ে সিবিএফ ও পিএসজি মাঝে কোনো দ্বন্দ্ব নেই বলেও উল্লেখ করেন সায়লান্ট।

হাসপাতালে প্রবেশের আগে মা ও চিকিৎসকের সঙ্গে নেইমার
গেলো আগস্টে ২২২ মিলিয়ন ইউরোতে স্পেনের শীর্ষ ক্লাব বার্সেলোনা ছেড়ে প্যারিসের দলটিতে যোগ দেন ব্রাজিলের এই ফুটবলার। যা ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় ট্রান্সফার ফি।
লিগ ওয়ানের ম্যাচে অলিম্পিক মার্সেইর বিপক্ষে ইনজুরিতে পড়ার আগে ফ্রেঞ্চ পাওয়ার হাউজের হয়ে ৩০ ম্যাচে ২৮ গোল করেছেন এই ফরোয়ার্ড।
আরও পড়ুন:
ওয়াই/পি




