
জাতীয় দলের ক্রিকেটার থাকাকালীন সময়েই রাজনীতিতে জড়িয়েছিলেন সাকিব আল হাসান ও মাশরাফী বিন মোর্ত্তজা। যা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছিল। এবার গুঞ্জন উঠেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিতে যাচ্ছেন বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।
তবে এই গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়েছেন পাইলট। রাজনীতিতে যাওয়া নিয়ে একটি সংবাদ মাধ্যমে মুখ খুলেছেন তিনি।
পাইলট বলেন, আমি ক্রীড়া অনুরাগী মানুষ। জন্মগতভাবেই ক্রীড়া পরিবারের ছেলে। আমার বাবাও ছিলেন জাতীয় ফুটবলার। আমি জাতীয় দলে খেলেছি অনেকদিন। অধিনায়কত্ব করেছি। এখন বিসিবি পরিচালক হয়েছি দেশের ক্রিকেটের উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে।
‘আপাতত আমার রাজনীতিতে সম্পৃক্ত হবার কোনই ইচ্ছে নেই। সব রাজনৈতিক দলের প্রতি সমান শ্রদ্ধা রেখেই বলছি আমার এখন কোন রাজনৈতিক দলে যোগদানের প্রশ্নই আসেনা। এখন আমি রাজনীতি নিয়ে ভাবছিও না।’
ক্রিকেটের মানুষ হিসেবে তিনি ক্রিকেটেই থাকতে চান বলে জানিয়েছেন পাইলট। তার ভাষ্য, আমার সার্বক্ষণিক চিন্তা এখন খেলাধুলা, বিশেষ করে ক্রিকেট। কি করে ক্রিকেটের উন্নয়ন ঘটবে, আমি সে চিন্তায় বিভোর। সবে মাত্র বিসিবির সঙ্গে সম্পৃক্ত হয়েছি ক্রিকেটকে এগিয়ে নেয়ার লক্ষ্যে। এ অবস্থায় রাজনীতিতে জড়ানোর প্রশ্নই আসেনা। তেমন কোনই সম্ভাবনা নেই।
জামায়াতে যোগ দেওয়ার গুঞ্জন নিয়ে পাইলট বলেন, হ্যাঁ, আমি যদি বিসিবির বাইরের কোন সংগঠনের অনুষ্ঠানে অংশ নিতেই পারি। যেমন আমি আগামীকাল ২৮ নভেম্বর একটি খেলার প্রোগ্রামে যাচ্ছি। এখন সেটা দেখে যদি কেউ আমাকে কোন দলের ব্যানারের লোক মনে করেন, তাহলে বলার কিছুই থাকবে না।
তিনি আরও বলেন, আমি আশা করব, বিসিবির বাইরেও আমরা অনেক অনুষ্ঠানে যোগ দেই। সামাজিক দায়বদ্ধতা থেকে যেতেও হয়। কিন্তু সেগুলোর মধ্যে দয়া করে কেউ রাজনীতির দাগ দিয়েন না।
আরটিভি/এসআর




