বিপিএলের নিলামের শেষ মুহূতে দেশ ট্রাভেলসের মালিকানা দল পেয়েছে নোয়াখালী। এরপরই দল গোছাতে মাঠে নেমেছে ফ্র্যাঞ্চাইজিটি। দেশি কোটায় সরাসরি চুক্তিতে সৌম্য সরকার ও হাসান মাহমুদকে দলে নিয়েছে নোয়াখালী এক্সপ্রেস।
আগামী ৩০ নভেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম অনুষ্ঠিত হবে। এক যুগ পর প্লেয়ার্স-ড্রাফটের বদলে আবারও নিলামে ফিরছে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগটি। নিলামের আগেই সরাসরি চুক্তিতে তারা ক্রিকেটার ও কোচিং স্টাফ নিয়োগ শুরু করেছে।
খালেদ মাহমুদ সুজনকে প্রধান কোচ পদে নিয়োগ দিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। এবার সরাসরি চুক্তিতে জাতীয় দলের দুই ক্রিকেটারকে দলে ভেড়াল নোয়াখালী। তাদের জার্সি গায়ে জড়াবেন পেস অলরাউন্ডার সৌম্য সরকার এবং পেড়ার হাসান মাহমুদ।
গত আসরে সৌম্য রংপুর রাইডার্স এবং হাসান খুলনা টাইটান্সের হয়ে খেলেছেন। এ ছাড়া বিদেশি ক্রিকেটার হিসেবে জনসন চার্লসকে যুক্ত করতে যাচ্ছে নোয়াখালী।
উল্লেখ্য, আগামী ১৯ ডিসেম্বর পর্দা উঠবে এবারের বিপিএলের। আর ফাইনাল অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি। বিপিএলের ম্যাচ মাঠে গড়ানোর আগে ১৭ ডিসেম্বর ঢাকায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হবে।
আরটিভি/এসআর




