
ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল অবশেষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলোয়াড়ি জীবন থেকে অবসরের ঘোষণা দিলেন। তবে মাঠ ছাড়লেও কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) পরিবারের অংশ হয়েই থাকছেন তিনি নতুন ভূমিকায়, পাওয়ার কোচ হিসেবে।
রবিবার (৩০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় ৩৭ বছর বয়সী রাসেল বলেন, আইপিএলে আর খেলব না। ১২ বছরে বহু স্মৃতি জমে আছে। কেকেআর পরিবার থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি। একই সঙ্গে তিনি জানান, আগামী মৌসুম থেকেই কেকেআরের সাপোর্ট স্টাফে যোগ দিচ্ছেন।
২০১২ সালে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে আইপিএলে অভিষেক হয় রাসেলের। চোট ও সুযোগের অভাবে শুরুটা যদিও খুব একটা উজ্জ্বল ছিল না। তবে ২০১৪ সালে কেকেআরে যোগ দেওয়ার পর বদলে যায় তার সবকিছু।
পরপর মৌসুমে ভয়ংকর ব্যাটিং, আগ্রাসী বোলিং ও স্মরণীয় অলরাউন্ড পারফরম্যান্সে দলের অন্যতম বড় ভরসায় পরিণত হন তিনি। কেকেআরের দুটি শিরোপাজয়েও ছিল তার গুরুত্বপূর্ণ অবদান।
সাম্প্রতিক বছরগুলোতে ফর্ম হারিয়ে ফেলায় চলতি মিনি নিলামের আগে কেকেআরের রিটেনশন তালিকা থেকেও বাদ পড়ে যান রাসেল। এরপরই দলটির ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনায় কোচিং স্টাফে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
কেকেআরের এই ‘নতুন অধ্যায়’-এ রাসেলের দায়িত্ব হবে—
.দলের ব্যাটারদের পাওয়ার-হিটিং দক্ষতা উন্নয়ন,
.ডেথ ওভারে ব্যাটিং কৌশল তৈরি,
.তরুণ ক্রিকেটারদের শারীরিক সক্ষমতা ও স্মার্ট-হিটিং টেকনিক শেখানো।
.আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর আইপিএলেও ইতি।
চলতি বছরের মাঝামাঝিতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান রাসেল। অনেকেই ভেবেছিলেন কেকেআরের হয়েই তিনি আইপিএল ক্যারিয়ার শেষ করবেন। কিন্তু ফর্মহীনতার কারণে খেলা ছেড়ে এবার কোচিংয়ে মনোনিবেশ করলেন ক্যারিবীয় এই পাওয়ার-হিটার। মাঠ থেকে বিদায় নিলেও আন্দ্রে রাসেল থাকছেন কেকেআরের হাই-ভোল্টেজ রোমাঞ্চে এবার কোচ হিসেবে, নতুন দায়িত্বে, নতুন রূপে।
আরটিভি/এসকে




