দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাঁচিতে সিরিজের প্রথম ওয়ানডেতেই ইতিহাস বদলে দিলেন রোহিত শর্মা। পাকিস্তানের শহিদ আফ্রিদির ১৫ বছর ধরে অটল থাকা রেকর্ড ভেঙে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ছক্কার মালিক হয়েছেন ভারতের ‘হিটম্যান’।
রোববার (৩০ নভেম্বর) টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকা। ভারতের ইনিংসে সবচেয়ে উজ্জ্বল ছিলেন বিরাট কোহলি ১২০ বলে দুর্দান্ত ১৩৫ রানের সেঞ্চুরি। তার ব্যাটে ভর করেই ৫০ ওভারে ৮ উইকেটে ৩৪৯ রান তোলে সফরকারীরা।
ওপেনিংয়ে নেমে ৫১ বলে ৫৭ রান করেন রোহিত শর্মা। ৫টি চার ও ৩টি ছক্কার ইনিংস খেলতে গিয়েই ওয়ানডেতে সর্বাধিক ছক্কার নতুন রেকর্ড গড়ে ফেলেন তিনি।
২৭৭ ম্যাচের ২৬৯ ইনিংসে ছক্কা ৩৫২, শহিদ আফ্রিদির ৩৫১ ছক্কা। আফ্রিদি ৩৯৮ ম্যাচের ৩৬৯ ইনিংসে খেলে এই রেকর্ড করেন। ২০১৫ সালের পর আর ওয়ানডে খেলেননি আফ্রিদি। অন্যদিকে, ক্যারিয়ারের শুরুতে ছক্কা মারায় রোহিতের সুনাম ছিল না। তৃতীয় ইনিংসে প্রথম ছক্কা আসে তার ব্যাটে। প্রথম সেঞ্চুরি পেতে ৪০ ইনিংস অপেক্ষা করতে হয়েছিল, যেখানে ১০২৩ বল খেলে তার ছক্কা ছিল মাত্র ৫টি।
২০১৩ সালের বেঙ্গালুরু থেকেই শুরু রূপান্তর অস্ট্রেলিয়ার বিপক্ষে একাই হাঁকান ১৬টি ছক্কা, যা তখন ছিল বিশ্বরেকর্ড। ওই ম্যাচেই আসে তার প্রথম ডাবল সেঞ্চুরি।
এরপর পরিসংখ্যান বদলে দেয় তার পরিচয়:
প্রথম ১০২ ইনিংসে ছক্কা: ৩৬ (প্রতি ছক্কায় ১০২.১৪ বল)
পরের ১৬৭ ইনিংসে ছক্কা: ৩১৬ (প্রতি ছক্কায় মাত্র ২৭.৩৫ বল)
ভারতের সব ফরম্যাটের অধিনায়ক হওয়ার পর আরও ভয়ংকর ৪৬ ইনিংসে ১০৭ ছক্কা, প্রতি ছক্কায় ১৭.৬৯ বল।
এ রেকর্ড শিগগিরই ভাঙার সম্ভাবনা কম। সক্রিয় ক্রিকেটারদের মধ্যে রোহিতের কাছাকাছি কেউ নেই। জস বাটলার ১৮২ ছক্কা ও বিরাট কোহলি ১৫৯ ছক্কা।
দুজনই ক্যারিয়ারের শেষ প্রান্তে। আর ৩০ বছরের নিচে ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ছক্কা আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজের মাত্র ৭০টি।
১৫ বছরের পুরনো রেকর্ড ভেঙে নতুন রাজত্ব শুরু করলেন রোহিত শর্মা। এখন দেখার পালা তার ছক্কার সংখ্যা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে।
আরটিভি/এসকে



