
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে গুরুত্বপূর্ণ প্রস্তুতি সিরিজ খেলতে যাচ্ছে ভারত। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে লক্ষ্য করে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। সিরিজটি শুরু হবে আগামী ৯ ডিসেম্বর।
দলকে নেতৃত্ব দেবেন নিয়মিত অধিনায়ক সূর্যকুমার যাদব। ইনজুরি থেকে সেরে উঠে স্কোয়াডে ফিরেছেন সহ-অধিনায়ক শুভমান গিল। টপ অর্ডারে গিলের সঙ্গে থাকছেন অভিষেক শর্মা, তিনে তিলক ভার্মা এবং চারে সূর্যকুমার।
রিহ্যাব শেষে ফিরেছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, যাকে ঘিরেই ব্যাটিং–বোলিং দুই বিভাগেই বাড়তি প্রত্যাশা। মূখ্য উইকেটকিপার হিসেবে দলে রাখা হয়েছে সাঞ্জু স্যামসনকে; তার ব্যাকআপ জিতেশ শর্মা। পাওয়ার হিটিংয়ের জন্য জায়গা হয়েছে শিভম দুবের, যিনি তার অলরাউন্ড দক্ষতাও কাজে লাগাবেন।
বোলিং আক্রমণে নেতৃত্ব দেবেন জাসপ্রিত বুমরাহ। তাকে সঙ্গ দেবেন আর্শদীপ সিং ও হর্ষিত রানা। স্পিন বিভাগে রয়েছেন অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর ও কুলদীপ যাদব।
দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারত স্কোয়াড
সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), জাসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী, আরশদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা ও ওয়াশিংটন সুন্দর।
আরটিভি/এসকে




