
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আবারও সেঞ্চুরির দেখা পেলেন বিরাট কোহলি। প্রথম ম্যাচে ১৩৫ রানের ইনিংসের পর রায়পুরে দ্বিতীয় ওয়ানডেতেও দারুণ এক সেঞ্চুরি উপহার দিলেন তিনি। একই ম্যাচে তিন অংকের দেখা পেয়েছেন রুতুরাজ গায়কোয়াড়ও। আর লোকেশ রাহুল খেলেছেন ঝড়ো হাফসেঞ্চুরি। এই তিন ব্যাটারের দাপটে সিরিজ নিশ্চিত করার মিশনে বিশাল রান পুঁজি গড়েছে ভারত।
বুধবার (৩ ডিসেম্বর) রায়পুরে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩৫৮ রানের পাহাড় সমান সংগ্রহ তোলে স্বাগতিক ভারত। সিরিজে টিকে থাকতে দক্ষিণ আফ্রিকাকে করতে হবে ৭.১৮ গড়ে রান।
ইনিংসের শুরুটা ভালো হয়নি ভারতের। দলের স্কোর ৬২ রান হতেই ফিরে যান দুই ওপেনার রোহিত শর্মা (১৪) ও যশস্বী জয়সওয়াল (২২)। তবে এরপর তৃতীয় উইকেটে ম্যাচের চিত্রটাই বদলে দেন বিরাট কোহলি ও রুতুরাজ গায়কোয়াড়। প্রোটিয়া বোলারদের ওপর একচ্ছত্র আধিপত্য বিস্তার করে দুজন মিলে গড়ে তোলেন ১৯৫ রানের দুর্দান্ত জুটি।
৮৩ বলে ১২ চার ও ২ ছক্কায় ১০৫ রান করে সাজঘরে ফেরেন রুতুরাজ। অন্যদিকে ৯৩ বলে ৭ চার ও ২ ছক্কায় ১০২ রানের ইনিংস আসে কোহলির ব্যাট থেকে। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের ৫৩তম ও আন্তর্জাতিক ক্রিকেটে ৮৪তম সেঞ্চুরি।
কোহলি ও রুতুরাজ ফেরার পর ইনিংসের শেষ অংশে আগ্রাসী ব্যাটিংয়ে রানচাকা সচল রাখেন অধিনায়ক লোকেশ রাহুল। ৪৩ বলে ৬ চার ও ২ ছক্কায় ৬৬ রানে অপরাজিত থাকেন তিনি। তার সঙ্গে ২৪ রানে অপরাজিত থাকেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।
প্রোটিয়া বোলারদের মধ্যে মার্কো ইয়ানসেন সবচেয়ে সফল ৬৩ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। লুঙ্গি এনগিদি ও নন্দ্রে বার্গার পেয়েছেন একটি করে উইকেট।
আরটিভি/এসকে




