জুনিয়র হকি বিশ্বকাপে ওমানের জালে বাংলাদেশের ১৩ গোল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫ , ০৬:৪০ পিএম


জুনিয়র হকি বিশ্বকাপে ওমানের জালে বাংলাদেশের ১৩ গোল
ছবি: সংগৃহীত

জুনিয়র হকি বিশ্বকাপে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) মাদুরাই ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়ামে ১৭–২৫তম স্থান নির্ধারণী পর্বের কোয়ার্টার ফাইনালে ওমানকে ১৩-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে লাল-সবুজের তরুণরা।

বিজ্ঞাপন

পুরো ম্যাচজুড়ে আধিপত্য দেখানো বাংলাদেশ শুরু থেকেই ওমানকে চাপে রাখে। প্রথম কোয়ার্টারে টানা তিনবার পেনাল্টি কর্নার কাজে লাগিয়ে এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

দলের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র ছিলেন ফরোয়ার্ড আমিরুল ইসলাম। গ্রুপ পর্বে দুই হ্যাটট্রিকের পর এই ম্যাচেও করেছেন পাঁচ গোল এগুলোর চারটিই পেনাল্টি কর্নার থেকে। হ্যাটট্রিকের দেখা পেয়েছেন রাকিবুল হাসানও। জোড়া গোল করেছেন মোহাম্মদ আবদুল্লাহ ও মোহাম্মদ সাজু। একটি গোল আসে ওবায়দুল হাসানের স্টিকে।

বিজ্ঞাপন

বিরতির আগেই বাংলাদেশ ৫-০ ব্যবধানে এগিয়ে যায়। বিরতির পর আরও তীব্র আক্রমণে ওমানকে রক্ষা পাওয়ার সুযোগই দেয়নি আইকম্যানের শিষ্যরা। শেষ দুই কোয়ার্টারেও ধারাবাহিক গোল করে ব্যবধান দাঁড় করায় নজিরবিহীন ১৩-০ তে।

প্রথমবারের মতো জুনিয়র বিশ্বকাপে অংশ নেওয়া বাংলাদেশ ও ওমান – দুই দলই গ্রুপ পর্বে ভালো করতে না পারলেও ওমানের অবস্থা ছিল আরও করুণ। তিন ম্যাচে ২৩ গোল হজম করলেও কোনো গোল করতে পারেনি তারা। বাংলাদেশের বিপক্ষেও তিনটি পেনাল্টি কর্নার পেলেও গোলের দেখা পায়নি।

বিজ্ঞাপন

অন্যদিকে গ্রুপ পর্বে বাংলাদেশের পারফরম্যান্স ছিল তুলনামূলক ভালো। দক্ষিণ কোরিয়ার সঙ্গে ড্র করার পাশাপাশি অস্ট্রেলিয়ার কাছে ৫-৩ ও ফ্রান্সের কাছে ৩-২ ব্যবধানে হেরে গেলেও সব গ্রুপ মিলিয়ে ষষ্ঠ সেরা তৃতীয় দল হিসেবে নক-আউট পর্বে জায়গা করে নেয় সিগফ্রিড আইকম্যানের দল।

আরও পড়ুন

ওমানকে বিধ্বস্ত করে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। এখন সেরা চারের লড়াই জিতে ফাইনালে উঠতে পারলে জুনিয়র বিশ্বকাপে ১৭তম স্থান নিশ্চিত করার সুযোগ তৈরি হবে লাল-সবুজের তরুণদের সামনে। বাংলাদেশ দলের এই দুর্দান্ত জয় বিশ্বকাপে নতুন আত্মবিশ্বাস যোগাবে এতে কোনো সন্দেহ নেই।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission