
আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য গুরুত্বপূর্ণ এক ভেন্যুর কাছে মেক্সিকোর গুয়াদালাহারায় ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এই সশস্ত্র হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। যার মধ্যে একজন ব্যবসায়ী এবং তার ১৬ বছর বয়সী কন্যাও রয়েছেন। এছাড়া চারজন গুরুতর আহত হয়েছেন।
ঘটনাটি ঘটে সোমবার, যেখানে জাপপোপান এলাকার এস্তাদিও আকরন স্টেডিয়ামের কাছাকাছি এই হামলা সংঘটিত হয়। উল্লেখ্য, এই স্টেডিয়ামে বিশ্বকাপের চারটি ম্যাচ আয়োজনের কথা রয়েছে। তাই নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কমপক্ষে ১০ সশস্ত্র ব্যক্তি একটি কমলা রঙের ল্যাম্বরগিনি গাড়ি থেকে লক্ষ্যভেদী গুলি চালায়। প্রায় ১০ মিনিট ধরে গোলাগুলির ধ্বনি শুনা যায়, এবং ঘটনাস্থল থেকে ২০০টির বেশি গুলির খোসা উদ্ধার করা হয়।
হামলার শিকার ব্যবসায়ী ও তার কন্যাকে হাসপাতালে নেওয়া হলে মেয়েটির মৃত্যু হয়। আহতরা সবাই ওই ব্যবসায়ীর দেহরক্ষী। পুলিশ, ন্যাশনাল গার্ড এবং সেনাবাহিনী যৌথভাবে নিরাপত্তা অভিযান শুরু করেছে, তবে এখনো কোনো সন্দেহভাজন গ্রেপ্তার হয়নি।
এই হামলার পেছনে পরিকল্পিত সন্ত্রাসী বা অপরাধচক্রের জড়িত থাকার আশঙ্কা করা হচ্ছে, যা আসন্ন বিশ্বকাপের নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে প্রশ্নবিদ্ধ করেছে। কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে আরও তদন্ত করছে।
আরটিভি/এসকে




