
১৫ দেশের অংশগ্রহণে কানাডায় চলমান আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টে ইতিহাস গড়েছে বাংলাদেশ। জাতীয় দলের ডাবলস জুটি জুমার ও অহিদুল প্রথমবারের মতো সেমিফাইনালে উঠেছে। ২ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত চলা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, পর্তুগালসহ বিশ্বের মোট ১৫টি দেশ।
বাংলাদেশের অহিদুল–জুমার জুটি প্রি-কোয়ার্টারে কানাডার প্রথম জুটিকে এবং কোয়ার্টার ফাইনালে হারায় কানাডারই আরেক শক্তিশালী দলকে। এটাই আন্তর্জাতিক অঙ্গনে ডাবলসে কোনো বাংলাদেশি জুটির প্রথম সেমিফাইনাল।
আগামীকাল তারা মুখোমুখি হবে বিশ্বের ৫৫তম র্যাঙ্কধারী জুটির। কঠিন প্রতিপক্ষ হলেও ম্যাচটি নিয়ে আশাবাদী বাংলাদেশের দুই খেলোয়াড়।
অহিদুল বলেন, দেশের জন্য ভালো কিছু করতে পারছি এটাই বড় প্রাপ্তি। নিয়মিত আন্তর্জাতিক টুর্নামেন্টে সুযোগ ও পৃষ্ঠপোষকতা পেলে আরও অনেক ভালো করা সম্ভব।
জুমার বলেন, আমরা নিজেদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। বড় দলের সঙ্গে ধারাবাহিকভাবে খেলতে পারলে আরও উন্নতি সম্ভব। সামনে গুরুত্বপূর্ণ ম্যাচ সবার দোয়া চাই।
বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন জানায়, উন্নত কোচিং, লম্বা প্রস্তুতি ক্যাম্প এবং আর্থিক সহযোগিতা পেলে আন্তর্জাতিক টুর্নামেন্টে এ ধরনের সাফল্য আরও বাড়তে পারে।
বাংলাদেশের ব্যাডমিন্টন ইতিহাসে এ সাফল্য নতুন সম্ভাবনার দরজা খুলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আগামীকাল সেমিফাইনালে নামছে জুমার-অহিদুল জুটি।
আরটিভি/এসকে




