
চলমান অ্যাশেজ সিরিজে রীতিমতো ধুঁকছে ইংল্যান্ড। পার্থের পর ব্রিসবেনেও বাজেভাবে হেরেছে ইংলিশরা। ফলে সিরিজ হারের দ্বারপ্রান্তে রয়েছে ইংল্যান্ড। এর মাঝেই দলের বিপদ বাড়িয়ে বাঁ হাঁটুর চোটের কারণে সিরিজের বাকি অংশ থেকে ছিটকে গেছেন গতি তারকা মার্ক উড।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তার পরিবর্তে স্কোয়াডে ডাকা হয়েছে সারে’র পেসার ম্যাথিউ ফিশারকে।
পার্থে অনুষ্ঠিত প্রথম টেস্টে আট উইকেটে হারের ম্যাচ চলাকালীনই হাঁটুর চোটে ভোগেন উড। চলতি বছরজুড়ে যে চোট তাকে ভুগিয়েছে, সেটিরই পুনরাবৃত্তি হয়েছে বলে জানিয়েছে ইংল্যান্ড শিবির।
এর ফলে তিনি গ্যাবা টেস্টে খেলতে পারেননি এবং এখন নিশ্চিতভাবে অ্যাডিলেডে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টসহ শেষ তিন ম্যাচে আর মাঠে নামা হচ্ছে না তার। উডের স্থলাভিষিক্ত হিসেবে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে ম্যাথিউ ফিশারকে।
বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় ইংল্যান্ড লায়নস দলের সঙ্গে রয়েছেন। চলতি সফরে তিন ম্যাচে দুটি উইকেট শিকার করেছেন ফিশার। এর মধ্যে পার্থের লিলাক হিল গ্রাউন্ডে প্রস্তুতি ম্যাচে জ্যাক ক্রলির উইকেটটিও রয়েছে।
সম্প্রতি ব্রিসবেনে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারা ম্যাচে ৩১ ওভার বোলিং করে ১০৫ রান দিলেও উইকেটের দেখা পাননি ২৮ বছর বয়সী এই পেসার। টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত একবারই খেলেছেন তিনি—২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগায়, যেখানে ম্যাচে ২১ রানে একটি উইকেট নেন ফিশার।
আরটিভি/এসআর




