চলতি মৌসুমের শুরুটা ভালো করলেও মাঝে ছন্দ হারায় বার্সেলোনা। তবে দুর্দান্তভাবে কাম ব্যাক করেছে কাতালানরা। সবশেষ ওসাসুনার বিপক্ষে দাপট দেখিয়ে জয় তুলে নিয়েছে তারা। এতে টানা সাত ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়াল বার্সেলোনা।
শনিবার (১৩ ডিসেম্বর) ক্যাম্প ন্যুতে ওসাসুনাকে ২-০ গোলে হারিয়েছে লা লিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এদিন জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া।
এদিন শুরু থেকেই ওসাসুনাকে চেপে ধরে স্বাগতিকরা। কিন্তু ধারার বিপরীতে খেলে ২০ মিনিটে সফরকারীরা ভালো একটি সুযোগ পেয়ে যায়। তবে আন্তে বুদেমিরের শট ঠেকিয়ে দেন বার্সা গোলরক্ষক হুয়ান গার্সিয়া। খানিক বাদেই লিড পেয়ে যায় ব্লুগ্রানারা।
তবে মার্কাস রাশফোর্ডের ক্রসে হেডে বল জালে জড়ানোর পর ফেররান তোরেসের গোল বাতিল হয় অফসাইডের কারণে। ওই আক্রমণের শুরুতে রাফিনিয়া ও ইয়ামালের বল দেওয়া-নেওয়ার সময়ই ব্রাজিল তারকা অফসাইড অবস্থানে ছিলেন।
প্রথমার্ধ গোলশূন্য সমতায় থাকার পর ডেডলাইন ভাঙতে সময় লাগে ৭০ মিনিট পর্যন্ত। স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রির বাড়ানো বল নিয়ে রাফিনিয়া বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে বার্সাকে লিড এনে দেন।
৮৬ মিনিটে ব্যক্তিগত ও দলের দ্বিতীয় গোলটি করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। জুলস কুন্দের ক্রস ক্লিয়ার করতে গিয়ে ফাঁকায় থাকা রাফিনিয়ার পায়ে তুলে দেন ওসাসুনা ডিফেন্ডার। এক স্পর্শে তিনি সেটি জালে জড়ান।
এই জয়ে ১৭ ম্যাচে ১৪ জয় ও এক ড্রয়ে শীর্ষে থাকা বার্সার পয়েন্ট দাঁড়াল ৪৩। রিয়াল এক ম্যাচ কম খেলে ৩৬ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে।
আরটিভি/এসআর



