লিওনেল মেসির আগমণে পুরো উৎসব বিরাজ করছিল কলকাতা শহরে। কিন্তু আয়োজকরা ভক্তদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হওয়ায় সৃষ্টি হয় বিশৃঙ্খলা। যার ফলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রেষানলে পড়তে হয়েছে কালকাতা। যদিও বিশৃঙ্খলার জন্য আয়োজক প্রধানকে গ্রেপ্তার করা হয় এবং মেসির কাছে ক্ষমা চান মমতা বন্দোপাধ্যায়।
তারপরও যুক্তরাষ্ট্রের ‘নিউইয়র্ক টাইমস’ থেকে শুরু করে ব্রিটেনের ‘গার্ডিয়ান’, ‘বিবিসি’-তে শিরোনাম হয়েছে কলকাতা। এমনকি এই বিব্রতকর ঘটনার বর্ণনা রয়েছে স্পেন, ফ্রান্সের সংবাদমাধ্যমেও।
ইংল্যান্ডের বিবিসি শিরোনাম করেছে, ‘লিওনেল মেসির ভারত সফর শুরু হলো বিশৃঙ্খলার মধ্য দিয়ে’। প্রতিবেদনে তারা লিখেছে, ‘কর্মকর্তা ও রাজনীতিবিদেরা মেসিকে এতটাই ঘিরে রেখেছিলেন যে, কিছুক্ষণ পরেই তিনি বিরক্ত হয়ে যান। মাত্র ২২ মিনিট মাঠে থাকার পর নিরাপত্তার কারণে মেসিকে বাইরে নিয়ে যাওয়া হয়। এতেই যুবভারতীর জনতা আক্রমণাত্মক হয়ে ওঠে। চেয়ার ও বোতল ছোড়া শুরু হয়।’
‘নিউইয়র্ক টাইমস’ সংবাদপত্রের শিরোনাম, ‘অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি এবং বিশৃঙ্খলার পর লিওনেল মেসির ভারত সফরের আয়োজক আটক’। ওই প্রতিবেদনে আমেরিকান গণমাধ্যমটি যুবভারতীর ঘটনার বিবরণ দিয়েছে।
তারা লিখেছে, ‘মেসিকে স্পষ্টভাবে দেখাই যায়নি। যেখানে এক ঘণ্টারও বেশি সময় তার যুবভারতীতে থাকার কথা ছিল, সেখানে নিরাপত্তারক্ষীরা তাকে দ্রুত মাঠ থেকে বের করে নেন।’
মুখ্যমন্ত্রী মমতার ক্ষমা চাওয়া এবং তদন্ত কমিটি গঠনের কথাও বলা হয়েছে ওই প্রতিবেদনে। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ‘কোনো মন্তব্য নেই’ এই কথাও লিখেছে ‘নিউইয়র্ক টাইমস’।
ব্রিটেনের সংবাদপত্র ‘দ্য গার্ডিয়ান’ বলছে, অব্যবস্থাপনার জন্যই এমন ঘটনা ঘটেছে। তারা লিখেছে, ‘যুবভারতীর দর্শকেরা অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।’ শতদ্রুর গ্রেপ্তার হওয়ার খবর তারাও লিখেছে। মুখ্যমন্ত্রী মমতার এই ঘটনায় যে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন, সেটাও তারা প্রতিবেদনে জানিয়েছে।

মেসিকে ঘিরে কলকাতায় বিশৃঙ্খলার খবর স্পেন ও ফ্রান্সের সংবাদমাধ্যমেও জায়গা পেয়েছে। স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মার্কা’-র শিরোনাম, ‘চূড়ান্ত বিশৃঙ্খলা’। তারা লিখেছে, ‘ইন্টার মায়ামির ফুটবলার মাঠে ঢুকেই মাত্র ২২ মিনিটের মধ্যে বেরিয়ে যান। অথচ সমর্থকেরা হাজার হাজার টাকা খরচ করে এসেছিলেন শুধুমাত্র তাকে দেখবেন বলে।’
যুবভারতীর ঘটনায় ফ্রান্সের দৈনিক ‘লে’কিপ’-এর শিরোনাম ‘বিরক্তিকর’। তারা লিখেছে, ‘প্রচারণামূলক সফরে এসেছিলেন মেসি। তাকে ঘিরে থাকা মানুষের ভিড়ের জন্য দর্শকদের হতাশা চরমে পৌঁছায়। মাঠের অভিজ্ঞতা সমর্থকদের জন্য মর্মান্তিক।’
আরটিভি/এসআর




